দিনাজপুরে দুই মটরসাইকেলের সংঘর্ষে নিহত ২
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় দুই মটরসাইকেলের সংঘর্ষে এক শিক্ষকসহ দুইজন নিহত হয়েছেন; আহত হয়েছেন আরও একজন।
বৃহস্পতিবার বিকালে ফুলবাড়ী পৌর এলাকার চাঁদপাড়া কালভার্ট সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন ফুলবাড়ীর চকিয়াপাড়া আদমপুর গ্রামের জালাল উদ্দিন (৫৫) এবং একই উপজেলার দক্ষিণ কৃষ্টপুর গ্রামের মোশারফের ছেলে মেহেদি (২০)। জালাল উদ্দিন ফুলবাড়ীর দাদুল চকিয়াপাড়া উচ্চ বিল্যালয়ের শরীর চর্চা শিক্ষক।
মোটরসাইকেলের অপর আরোহী ফেরদৌসি আরাকে (৪৫) মুমূর্ষু অবস্থায় দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ফুলবাড়ী থানার ওসি ফকরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শিক্ষক জালাল উদ্দিন তার স্ত্রী ফেরদৌসি আরাকে নিয়ে মোটরসাইকেলযোগে ফুলবাড়ী আসছিলেন।
“পথে বিপরীতমুখী আরেকটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই জালাল উদ্দিনের মৃত্যু হয়। অপর মোটরসাইকেল চালক মেহেদির মৃত্যু হয় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে।”
