র্যাবের মাদকবিরোধী অভিযানে গাজীপুরে নিহত ১
গাজীপুরের শ্রীপুরে র্যাবের মাদকবিরোধী অভিযানে কথিত বন্দুকযুদ্ধে দুই ডজন মামলার এক আসামি নিহত হয়েছে।
বৃহস্পতিবার রাত সোয়া ৩টার দিকে উপজেলার তেলিহাটি ইউনিয়নের দুম্বারিচালা এলাকায় গোলাগুলির ওই ঘটনা ঘটে বলে র্যাব-১-এর সহকারী পরিচালক মো. কামরুজ্জামানের ভাষ্য।
নিহত মো. বাবুল মিয়া (৩৫) ওই এলাকার জাহাঙ্গীরপুর গ্রামের মো. আফছার উদ্দিনের ছেলে। তার বিরুদ্ধে ডাকাতি ও মাদক চোরাকারবারের ২৪টি মামলা রয়েছে বলে তথ্য দিয়েছে র্যাব।
কামরুজ্জামান বলেন, দুম্বারিচালা এলাকায় মাদক চোরাকারবারিদের আবস্থানের খবর পেয়ে রাতে সেখানে অভিযানে যায় র্যাবের একটি দল।
“র্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা গুলি করে। এ সময় র্যাব সদস্যরাও পাল্টা গুলি চালায়। এক পর্যায়ে বাবুল গুলিবিদ্ধ হলে তার সহযোগীরা পালিয়ে যায়।”
গুলিবিদ্ধ বাবুলকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানান র্যাব কর্মকর্তা কামরুজ্জামান।
তিনি বলেন, অভিযানের সময় পড়ে গিয়ে র্যাবের কনস্টেবল মো. জিকরুল ও মো. কামরুল আহত হন। তাদের হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
ঘটনাস্থল থেকে দুই রাউন্ড গুলি ভর্তি একটি পিস্তল এবং চার হাজার ইয়াবা উদ্ধার করা হয়েছে বলেও তথ্য দিয়েছে র্যাব।
