২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে বাসে অতিরিক্ত ভাড়া আদায়, গা করছে না প্রশাসন

ঈদের মওসুমে ফরিদপুর থেকে দেশের বিভিন্ন গন্তব্যের বাস যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2019, 12:17 PM

Updated : 10 Oct 2022, 09:11 PM

বাস মালিকরা বললেন, ঈদের যাত্রায় যাত্রীর চাপ থাকে একমুখী। অন্য দিক থেকে বাস আসে প্রায় খালি। সেটা পুষিয়ে নিতেই তারা বাড়তি ভাড়া নিচ্ছেন।  

ঈদের আগের মত ফিরতি যাত্রাতেও বাড়তি ভাড়া আদায় চলছে, কিন্তু ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বা স্থানীয় প্রশাসন এ বিষয়ে কার্যকর কোনো পদক্ষেপ নিচ্ছে না।

ফরিদপুর পৌরবাস টার্মিনালের বিভিন্ন কাউন্টারে খোঁজ নিয়ে এবং যাত্রীদের সঙ্গে কথা বলে জানা যায়, বিভিন্ন পরিবহনের বাসে গন্তব্য ভেদে ৭০ থেকে ৩৫০ টাকা পর্যন্ত বাড়তি ভাড়া আদায় করা হচ্ছে।

ফরিদপুর থেকে দৌলতদিয়া-পাটুরিয়া ঘাট হয়ে ঢাকার দূরত্ব ১১০ কিলোমিটার। এ পথে ফরিদপুর থেকে ফেরি পারাপারে একটি সাধারণ বাসের যাত্রী প্রতি ভাড়া সরকারিভাবে ২৬৩ টাকা নির্ধারণ করে দেওয়া আছে।

কিন্তু যাত্রীদের কাছ থেকে সাধারণ সময়ে নেওয়া হয় ৩০০ টাকা। আর এখন ঈদের পর ফিরতি পথের যাত্রীদের কাছ থেকে আদায় করা হচ্ছে ৩৫০ টাকা করে।

এ পথে সাধারণ এসি বাসের ভাড়া এমনিতে নেওয়া হয় ৪৫০ টাকা। এখন নেওয়া হচ্ছে নেওয়া হচ্ছে ৭০০টাকা। আর বিলাসবহুল এসি বাসের ভাড়া ৭০০টাকা থেকে বাড়িয়ে করা হয়েছে ১০০০ টাকা।

ঢাকা-ফরিদপুর রুটে গোল্ডেন লাইন, সাউথ লাইন, সূর্যমুখী, জাকের, সাউদিয়াসহ বিভিন্ন পরিবহনের বাস চলাচল করে। এর মধ্যে গোল্ডেন লাইন এসি বাসের ভাড়া সবচেয়ে বেশি বাড়ানো হয়েছে। এ পরিবহনের বিলাসবহুল এসি বাসের ভাড়া ৩০০ টাকা বেশি নেওয়া হচ্ছে।

বোয়ালমারীর বাসিন্দ রবিউল ইসলাম বলেন, “ফরিদপুর-ঢাকা রুটে যে ভাড়া নিচ্ছে সেটা অস্বাভাবিক। ১১০ কিলোমিটার  পথের ভাড়া কোনোভাবেই ৩০০ টাকা হতে পারে না। ”

ঈদের সুযোগে যাত্রীদের জিম্মি করে বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে অভিযোগ করে এ বিষয়ে কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন তিনি।

আরিফা বেগম নামে আরেক যাত্রী বলেন, ফরিদপুর থেকে কুষ্টিয়ার ভাড়া নেওয়া হচ্ছে ১৫০ টাকার জায়গায় ৩০০ টাকা। আর খুলনায় ২৫০টাকার জায়গায় ৫০০ টাকা।

ভাড়া বাড়ানোর বিষয়ে জানতে চাইলে গোল্ডেন লাইন পরিবহনের ব্যবস্থাপক রেজাউল করিম বাচ্চু বলেন, “ঈদের সময় যাত্রীদের চাপ বেশি থাকে, তাছাড়া পরিবহনের শ্রমিকদের এ সময় একটু বকশিস দিতে হয়।

“ঈদের আগে ঢাকা থেকে চাপ থাকলে ফরিদপুর থেকে বাসের যাত্রী পাওয়া যায় না। এখন ঈদের পর ফরিদপুর থেকে যাত্রী পাওয়া গেলেও গাবতলী থেকে যাত্রী পাওয়া যায় না। এজন্য ভাড়া বাড়িয়ে আমাদের ক্ষতি পুষিয়ে নিতে হয়।”

বাড়তি ভাড়া আদায়ের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে ফরিদপুর বিআরটিএর উপ-পরিচালক আতিকুল রহমান বলেন, “ঢাকা থেকে ফরিদপুর রুটে নন এসি বাসের ভাড়া সরকার থেকে নির্ধারণ করে দেওয়া হয়েছে ২৬৩ টাকা। এসি বাসের ক্ষেত্রে সারা দেশে সরকারিভাবে ভাড়া ঠিক করে দেওয়া হয়নি। এদের বিরুদ্ধে দ্রুতই ব্যবস্থা নেওয়া হবে।”

ভোক্তা অধিকারের সহকারী পরিচালক সোহেল শেখ বলেন, “যাত্রীরা তাদের টিকেট নিয়ে এক মাসের মধ্যে লিখিত অভিযোগ করতে পারবে। অভিযোগ প্রমাণিত হলে জরিমানা আদায় করে যাত্রীকে তার টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা করা হবে।”

ফরিদপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. সালাহউদ্দিন জানান, ভাড়া বেশি নেওয়া হচ্ছে অভিযোগ পাওয়ার পর গত ৩১ মে বাসস্ট্যান্ডে গিয়ে তারা সকল বাসের মালিকদের মৌখিকভাবে সতর্ক করেছেন।

তারপরও ভাড়া বেশি নেওয়া হলে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এ বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে বলে আশ্বাস দেন তিনি।