তিতাসের সরবরাহ লাইনে ফুটো, বেরুচ্ছে গ্যাস
গাজীপুর নগরীর ভোগড়ায় তিতাস গ্যাসের সরবরাহ লাইনের কয়েকটি স্থানে ছিদ্রপথে গ্যাস বের হচ্ছে।
বেশ কয়েকদিন ধরে গ্যাস বের হতে থাকলেও কর্তৃপক্ষ কোনো ধরনের পদক্ষেপ নেয়নি বলে এলাকাবাসী জানান।
এতে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন তারা।
স্থানীয় ব্যবসায়ী আইনুল হক বলেন, ভোগড়া একটি জনবহুল এলাকা। এখানে ছোট-বড় অসংখ্য কলকারখানা রয়েছে।
“দীর্ঘদিন ধরে প্যাগাসাস জুতা কারখানার পশ্চিম পাশ থেকে প্রায় এক কিলোমিটার এলাকায় তিতাস গ্যাসের সরবরাহ লাইনটির স্থানে স্থানে ছিদ্র হয়ে গ্যাস বের হচ্ছে।”
তিনি বলেন, এ কারণে একাধিকবার অগ্নিকাণ্ডে ঘটনা ঘটছে। এছাড়া ছিদ্রপথে পানি ঢুকে পাইপলাইনে গ্যাসের চাপ কমে গিয়ে এলাকায় গ্যাস সংকট দেখা দেয়। ফলে এলাকাবাসী রান্নার গ্যাসের সংকটে পড়েছেন।
“এসব ব্যাপারে তিতাস গ্যাস কর্তৃপক্ষের কাছে একাধিকবার লিখিত অভিযোগ করলেও কোনো ফল মেলেনি।”
আইনুল বলেন, সম্প্রতি ভোগড়া বাজার-চৌধুরীবাড়ি সড়কের পাশে সিটি করপোরেশনের ড্রেনেজের কাজ করতে গিয়ে ভোগড়া জামে মসজিদের পাশে তিতাসের সরবরাহ লাইনে বড় ছিদ্র হয়ে যায়। এতে বেগে পানি ঠেলে তিতাস গ্যাস বের হচ্ছে।
ওই পথে স্থানীয় কল-কারখানার হাজার হাজার শ্রমিকসহ স্থানীয়রা চলাচল করে থাকে। এতে যেকোনো সময় ওইসব লোকজন দুর্ঘটনার শিকার হতে পারে।
সর্বশেষ শনিবারও তিতাসের অফিসে ফোনে ঘটনাটি জানানো হয়েছে।
গাজীপুরে তিতাস গ্যাস ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশন কার্যালয়ের ব্যবস্থাপক অজিত চন্দ্র দেব বলেন, যথাসময়ে তাদের লোক ঘটনাস্থলে গিয়ে লাইন সারাই করে দেবে।
তবে শনিবার সন্ধ্যা পর্যন্ত তিতাসের কোনো লোক ঘটনাস্থলে পৌঁছেনি বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দা রবিউল ইসলাম রবু।
