কিশোরগঞ্জে কিশোরকে বেঁধে পেটানোর অভিযোগে একজন আটক
কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় চোর অপবাদ দিয়ে কিশোরকে বেঁধে পেটানোর অভিযোগে একজনকে আটক করেছে পুলিশ।
তাড়াইল থানার ওসি মো. মুজিবুর রহমান জানান, আটক সাজ্জাদ হাসান হিটলার (৩০) উপজেলার দড়িজাহাঙ্গীরপুর গ্রামের নূর হোসেনের ছেলে।
সাজ্জাদ একই গ্রামের মুখলেসুর রহমান খান শাহানের বাড়ির তত্তাবধায়ক।
পাশের গ্রামের এক কিশোরকে বৃহস্পতিবার সকালে মুখলেসের হুকুমে সাজ্জাদসহ দুই ব্যক্তি মারধর করেন বলে অভিযোগ।
এ ঘটনায় ওই কিশোরের ভাই তাড়াইল থানায় তিনজনের বিরুদ্ধে মামলা করেন।
ওই কিশোর মানসিক ভারসাম্যহীন বলে পরিবারের দাবি।
তারা বলছেন, মানসিক ভারসাম্যহীন হওয়ায় সে মুখলেসের বাড়িতে ঢুকে পড়েছিল। এ সময় মুখলেসের হুকুমে সাজ্জাদসহ দুই ব্যক্তি তাকে চোর অপবাদ দিয়ে মারধর করেন।
অভিযোগ পেয়ে পুলিশ সাজ্জাদকে আটক করে।
ওসি মুজিবুর বলেন, বাকি আসামিদেরও আটকের চেষ্টা চলছে। মামলার পর মুখলেসসহ পরিবারের সবাই ঘরে তালা দিয়ে বাড়ি ছেড়ে চলে গেছে।
