গরুর মাংসে ‘হাড় বেশি’, সংঘর্ষে আহত ৪০
গরুর মাংসে হাড় বেশি দেওয়া নিয়ে ক্রেতা-বিক্রেতার বাক-বিতণ্ডার জেরে ব্রাহ্মণবাড়িয়ার দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে শিশু ও পুলিশসহ ৪০ জন আহত হয়েছেন।
শুক্রবার সকালে প্রায় এক ঘণ্টা ধরে এই সংঘর্ষের সময় ঢাকা-সিলেট মহাসড়কের খাঁটিহাতা বিশ্বরোড মোড় কার্যত রণক্ষেত্রে পরিণত হয়।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি সেলিম উদ্দিন জানান, সদর উপজেলার খাঁটিহাতা ও সরাইল উপজেলার কুট্টাপাড়া গ্রামের বাসিন্দাদের মধ্যে এই সংঘর্ষের কারণে সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। ফলে মহাসড়কের দুই পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়।
আহতদের সরাইল উপজেলা স্বাস্ব্য কমপ্লেক্স ও জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
গরুর মাংসে হাড় বেশি দেওয়া নিয়ে ক্রেতা-বিক্রেতার বাক-বিতণ্ডার জেরে শুক্রবার ব্রাহ্মণবাড়িয়ার দুই গ্রামবাসীর সংঘর্ষে শিশু ও পুলিশসহ ৪০ জন আহত হয়। এ সময় প্রায় এক ঘণ্টা ঢাকা-সিলেট মহাসড়কে বন্ধ থাকে যান চলাচল।
এর জের ধরে ক্রেতা ও বিক্রেতা দুই পক্ষ নিজের গ্রামের লোকজন জড়ো করে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
খবর পেয়ে সদর মডেল থানা ও সরাইল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাবার বুলেট ও টিয়ার গ্যাসের শেল ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আহত পুলিশ সদস্যরা হলেন- ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার এসআই প্রেমধন, এএসআই নিয়ামত উল্লাহ এবং কন্সটেবল শামসুল ও মাহবুব।
সদর মডেল থানার ওসি সেলিম উদ্দিন বলেন, “বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঘটনাস্থলে বাড়তি পুলিশ মোতায়েন রাখা হয়েছে।”
