আনিসুল হকের উদ্যোগকে এগিয়ে নেওয়া হচ্ছে: কাদের
ঢাকা সিটির গণপরিবহনকে আধুনিকায়নে প্রয়াত মেয়র আনিসুল হকের উদ্যোগকে এগিয়ে নেওয়ার কথা জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
মঙ্গলবার গাজীপুরে মহাসড়ক পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে মন্ত্রী বলেন, ঢাকা সিটিতে আধুনিক গণপরিবহনের যে উদ্যোগ মেয়র আনিসুল হক নিয়েছিলেন সে উদ্যোগটি আবার নতুন করে নেওয়া হয়েছে।
“অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে এ ব্যাপারে আলোচনা চলছে যাতে ঢাকায় আমরা জনগণকে আধুনিক গণপরিবহন উপহার দিতে পারি এবং এখন মাঝে মাঝে যে দুর্ভোগ হয় সেই দুর্ভোগের অবসান ঘটানো যায়।”
মন্ত্রী বলেন, “পরিবহন ও সড়কে যদি শৃঙ্খলা ফিরিয়ে আনতে না পারি, তাহলে শুধুমাত্র ফ্লাইওভার, মেট্রোরেল, পদ্মাসেতু, ফোরলেন, নতুন ব্রিজ এসব স্থাপনা দিয়ে সমস্যার স্থায়ী সমাধান হবে না। স্থায়ী সমাধানের জন্য শৃঙ্খলার যে সংকট সে সংকট থেকে আমাদের বেরিয়ে আসতে হবে।”
পরিবহনে যে বিশৃঙ্খলা এবং সড়কে যে বিশৃঙ্খলা বিরাজমান সেগুলো দূর করার উপর গুরুত্বারোপ করে তিনি।
সড়কগুলো অবৈধ দখল থেকে মুক্ত করতে যে অভিযানটা তিনি অনেক আগে শুরু করেছেন তা এখনও পুরোপুরি সফলতার মুখ দেখেনি। তবে বেশ কিছু জায়গায় রাস্তা দখলমুক্ত হয়েছে। এ উদ্ধার অভিযানে সফল হতে সামনের দিনগুলোতে আরও উদ্যোগ নেওয়ার কথা বলেন তিনি।
কাদের বলেন, বিআরটি প্রকল্প প্রথম দিকে ঢিমেতালে চলছিল। এডিপির ফান্ডিংয়ে যে প্রজেক্টটি চলছে সেখানে কন্ট্রাক্টরের কিছু সমস্যা ছিল। এখন বিআরটি প্রজেক্ট পিক-আপ নিয়েছে। তাদের কাজ দ্রুত এগিয়ে যাচ্ছে। বিআরটি প্রকল্পের কাজ শেষ হলে ঢাকা থেকে ময়মনসিংহ তথা উত্তর জনপথ সামনের দিনগুলোতে যাতায়াত ব্যবস্থা অনেক সাবলীল হবে, অনেক সহজ হবে, অনেক নির্বিঘ্ন হবে।
কাঁচপুর, মেঘনা ও মেঘনা-গোমতি প্রতিটির দ্বিতীয় সেতু উদ্বোধনের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবার জনগণের ঈদযাত্রাকে নির্বিঘ্ন এবং স্বস্তিদায়ক করেছেন বলেও মন্ত্রী বলেন।
ঈদযাত্রায় বিভিন্ন পরিবহন অতিরিক্ত ভাড়া আদায় প্রসঙ্গে মন্ত্রী বলেন, “এটা প্রতিবছরই ঘটে। এবারও ঘটেনি তা আমি বলব না। বাস্তবে এধরণের অভিযোগ আছে। তবে হাতেনাতে প্রমাণ পেলে ব্যবস্থা নেব।”
ইতোমধ্যে ঢাকার যেখানে যেখানে অভিযোগ পাওয়অ গেছে আইন-শৃঙ্খলা বাহিনী, বিআরটিএর ভিজিল্যান্স টিম বিভিন্ন টার্মিনালে পাঠিয়ে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে মন্ত্রী জানান।
মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিানা জাপান, সৌদি আরব সফর শেষে বর্তমানে ফিনল্যান্ডে আছেন।
তিনি সাংবাদিকদের মাধ্যমে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে দেশবাসীকে ঈদ শুভেচ্ছা জানিয়েছেন।
এ সময় গাজীপুর মহানগর পুলিশ কমিশনার আনোয়ার হোসেন, সওজের ঢাকা জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আব্দুস সবুর, বিআরটি প্রকল্পের পরিচালক সানাউল হক, সাসেক প্রকল্পের পরিচালক আবু ইসহাক, সওজের ঢাকা জোনের তত্বাবধায়ক প্রকৌশলী সবুজ উদ্দিন খান প্রমুখ উপস্থিত ছিলেন।
