২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গান্ধী আশ্রমের ঝর্ণাধারা চৌধুরী অসুস্থ

গান্ধী আশ্রম ট্রাস্টি বোর্ড সচিব ঝর্ণাধারা চৌধুরীকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2019, 07:26 PM

Updated : 18 Aug 2022, 05:21 PM

একুশে পদক, রোকেয়া পদক ও ভারতের পদ্মশ্রী পুরস্কার পাওয়া ৮০ বছর বয়সী এই সমাজসেবী গুরুতর অসুস্থ বলে আশ্রম কর্তৃপক্ষ জানিয়েছে।

ঝর্ণাধারা চৌধুরী অনেকদিন থেকে নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার জয়াগ গ্রামে প্রতিষ্ঠিত গান্ধী আশ্রম ট্রাস্টের সচিবের দায়িত্ব পালন করে আসছেন।

সেবামূলক এই প্রতিষ্ঠানের পরিচালক রাহা নব কুমার জানান, ঝর্ণাধারা চৌধুরী দীর্ঘদিন থেকে উচ্চ রক্তচাপ, ডায়াবেটিসসহ বার্ধক্যজনিত নানা শারীরিক সমস্যায় ভুগছেন।

“শনিবার বিকালে তিনি আশ্রমে অসুস্থ হয়ে পড়েন। রোববার ভোরে মস্তিস্কে রক্তক্ষরণ হলে তাকে রাজধানীতে নেওয়া হয়।”

বর্তমানে তিনি স্কয়ার হাসপাতালে ডা. শঙ্করের তত্ত্বাবধানে চিকিৎসাধীন বলে নব কুমার জানান।

কাজের স্বীকৃতি হিসেবে ঝর্ণাধারা চৌধুরী ২০১৩ সালে ভারতের রাষ্ট্রীয় বেসামরিক সম্মান পদ্মশ্রী খেতাবে ভূষিত হন। সমাজসেবক হিসেবে তিনি আন্তর্জাতিক বাজাজ পুরস্কার ১৯৯৮, শান্তি পুরস্কার ২০০০, অনন্যা ২০০১, দুর্বার নেটওয়ার্ক পুরস্কার ২০০৩, কীর্তিমতি নারী পুরস্কার ২০১০, একুশে পদক ২০১৫, বেগম রোকেয়া পদক ২০১৩, সাদা মনের মানুষ পদক ২০০৭ এবং বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক পদক পেয়েছেন।

ঝর্ণাধারা ১৯৩৮ সালের ১৫ অক্টোবর লক্ষীপুরের রামগঞ্জ উপজেলায় জন্মগ্রহণ করেন। মানব সেবায় নিয়োজিত এই নারী সংসার জীবনে যাননি। গান্ধী আশ্রমের সমাজকর্মী হিসেবে ছুটে চলেন গ্রাম থেকে গ্রামে।