ফরিদপুরে দরিদ্রের মাঝে ঈদপোশাক বিতরণ
ফরিদপুরে দেড় শতাধিক দরিদ্র নারী, পুরুষ, শিশু ও বৃদ্ধের হাতে ঈদের নতুন পোশাক ও ঈদ সামগ্রী তুলে বিতরণ করেছে স্থানীয় একটি সংগঠন।
‘আমরা করবো জয়’ নামে তরুণদের এই সংগঠন রোববার সদর উপজেলার পালডাঙ্গিতে পদ্মা নদীর চরে এ অনুষ্ঠানের আয়োজন করে।
৭০ জন শিশু, নারী ও পুরুষকে ঈদের নতুন পোশাক হিসেবে জামা, প্যান্ট, থ্রি পিস, শাড়ি ও লুঙ্গি দেওয়া হয়।
এছাড়া ৯০ জনকে সেমাই, পোলাওয়ের চালসহ চিনি, তেল ও দুধ বিতরণ করা হয়।
এ অনুষ্ঠানে অন্যদের মধ্যে ফরিদপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক হাসানুজ্জামান, ‘আমরা করবো জয়’ এর উপদেষ্টা শহীদুল ইসলাম নাঈম, লা লিগা রেস্তরার মালিক শাওন খান উপস্থিত ছিলেন।
আমরা করবো জয় এ সংগঠনটি শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী তরুণ তরুণীদের উদ্যোগে গঠিত একটি স্বেচ্ছাসেবী সংগঠন। চার বছর আগে প্রতিষ্ঠিত এ সংগঠনটি শুরু থেইে আর্তমানবতার সেবায় কাজ করে আসছে।
সংগঠনের সভাপতি আহমেদ সৌরভ বলেন, ঈদের আনন্দ সকলের সাথে ভাগ করে নিতে অসহায় মানুষের পাশে দাঁড়াতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে একটি আহ্বান জানানো হয়। অনেকের সাড়া পাওয়া যায়।
তাদের সহযোগিতা ও নিজেদের উদ্যোগের সমন্বয়ে সর্বস্তরের ১৬০ জন দরিদ্র মানুষকে তারা ঈদের পোশাক ও সামগ্রী পৌঁছে দেন বলে জানান।
