২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কারাগারে গণতন্ত্রের সংগ্রাম করছেন খালেদা: ফখরুল

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া কারাগারে থেকেই গণতন্ত্রের জন্য সংগ্রাম করছেন মন্তব্য করে দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2019, 11:33 PM

Updated : 08 Apr 2022, 04:15 PM

শনিবার গাজীপুরে এক অনুষ্ঠানে তিনি বলেন, “আমাদের বাংলাদেশের ষোল কোটি মানুষের দেশ নেত্রী, স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক, গণতন্ত্রের প্রতীক বেগম খালেদা জিয়া এখন করারুদ্ধ। কারাগারে বসেই তিনি প্রতি মুহূর্তে গণতন্ত্রের জন্য সংগ্রাম করে যাচ্ছেন।”

খালেদা জিয়া প্রতি সপ্তাহে শুধু একটি মেসেজই পাঠান, এবং তা হলো ‘দলকে যেকোনো মূল্যে ঐক্যবদ্ধ রাখুন’, বলেন ফখরুল।

দুর্নীতির মামলায় দণ্ডিত হয়ে এখন কারাগারে রয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

এ পর্যন্ত যতগুলো সিদ্ধান্ত নেওয়া হয়েছে সবগুলো খালেদা জিয়ার সঙ্গে আলোচনা-পরামর্শ করেই নিয়েছেন বলে ফখরুল জানান।

ফখরুল নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, “আপনাদের মধ্যে ভুল বোঝাবুঝি দূর করেন। যারা অভিমান করে দূরে সরে আছেন তাদের কাছে টেনে নেন। তাদের সঙ্গে সমঝোতা করে এখন এক হউন। এটা আমাদের জনগণের দাবি। কোটি কোটি নেতা-কর্মীর দাবি, দেশনেত্রী খালেদা জিয়ার দাবি।”

ফখরুল বলেন, “আজকে আমরা অনেকেই এই কথা বলে বিভ্রান্ত হচ্ছি যে আমরা নির্বাচনে গেলাম কেন? নির্বাচনে গিয়েছি আমরা দলকে রক্ষা করার জন্য, আমাদের যে হাজার হাজার নেতা-কর্মী কারাগারে আছে আমরা তাদের স্বার্থে নির্বাচনে গিয়েছি।

“আমরা পার্লামেন্টে গেলাম কেন? এ সিদ্ধান্ত আমাদের দলের সিদ্ধান্ত। পার্লামেন্টে যে কজন গেছেন তারা দলের সিদ্ধান্তে গেছেন, নিজেদের সিদ্ধান্তে যান নাই। আমি যে যাইনি তাও দলের সিদ্ধান্তেই যাইনি। আমাদের মনে রাখতে হবে সবসময় একই রকম চিন্তা করে সফল হওয়া যাবে না। কৌশল লাগবে।”

পৃথিবীর পরিবর্তন হচ্ছে, যুগের পরিবর্তন হচ্ছে, রাজনৈতিক হাওয়াও পরিবর্তন হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, “সেই পরিবর্তনে আমাদের সংগঠনকে যদি এগিয়ে নিতে না পারি আমরা ব্যর্থ হয়ে যাব। সে কারণে আমাদের বিভিন্ন কৌশল নিয়ে এগুতে হয়।”

অনেকে অনেক কথা বলবে। তাই দলের নেতা-কর্মীদের তিনি বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান।

তিনি একাদশ জাতীয় সংসদ নির্বাচন বাতিল দাবি করে বলেন, অবিলম্বে এই নির্বাচনকে বাতিল করে নতুন নির্বাচন দিতে হবে। সেই নতুন নির্বাচনের জন্য নির্বাচনকালীন সময়ে সহায়ক সরকার অর্থাৎ একটা নিরপেক্ষ সরকার গঠন করতে হবে যারা নিরপেক্ষভাবে নির্বাচন পরিচালনা করবে।

মনের মধ্যে যে ব্যথা বেদনা আছে তাকে শক্তিতে রূপান্তরিত করার আহ্বান জানান মির্জা ফখরুল।

বিএনপির কোনো সংকট নেই, এই সংকট হচ্ছে জাতির, বাংলাদেশের। আজকে যদি এ সংকট থেকে উত্তরণ করতে না পারলে বাংলাদেশ থাকবে না। দেশের গণতন্ত্র থাকবে না বলে তিনি মন্তব্য করেন।

গাজীপুর মহানগর বিএনপির বিকালে টঙ্গীর আহসান উল্লাহ সরকার ইসলামিক ফাউন্ডেশন চত্বরে আয়োজিত দলের প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৮তম মৃত্যুবার্ষিকী ও ইফতার পূর্ব আলোচনায় প্রধান অতিথি ছিলেন ফখরুল।

গাজীপুর মহানগর বিএনপি সভাপতি হাসান উদ্দিন সরকারের সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও গাজীপুর জেলা বিএনপি সভাপতি একেএম ফজলুল হক মিলন, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম বাচ্চু, সদস্য মজিবুর রহমান, মাজহারুল ইসলাম, বিএনপি নেতা শাহ মো. রিয়াজুল হান্নান, গাজীপুর মহানগর বিএনপির সহ-সভাপতি আফজাল হোসেন কায়সার, শহীদ উজ্জামান,  আহম্মদ আলী রুশদী প্রমুখ। 

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক সোহ্রাব উদ্দিন।