২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে খাবার কারখানার ১২ লাখ টাকা জরিমানা

অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার তৈরির অভিযোগে সাভারে একটি খাবার তৈরির কারখানাকে ১২ লাখ টাকা জরিমানা করেছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 May 2019, 11:05 PM

Updated : 18 Aug 2022, 05:18 PM

সোমবার সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের হেমায়েতপুরের বাগবাড়ি এলাকার ‘প্রিন্স ফুড প্রোডাক্টস লিমিটেড’ কারখানায় র‌্যাব-৪ এর ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নিজাম উদ্দিন এ অভিযান চালান।

দীর্ঘদিন ধরে এ কারখানা কর্তৃপক্ষ অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে মিষ্টি, সেমাই, দইসহ বিভিন্ন প্রকার খাদ্যদ্রব্য তৈরি করে বাজারে বিক্রি করে আসছিল।

স্থানীয়দের অভিযোগের ভিতিত্বে ওই কারখানায় অভিযান পরিচালনা করা হয় বলে ম্যাজিস্ট্রেট নিজাম জানান।

নিজাম উদ্দিন বলেন, “কারখানায় ঢুকে আমি হতবাক। তাদের তৈরি মিষ্টির মধ্যে পোকামাকড়, মাছি পড়ে রয়েছে। আর এই অবস্থায় মিষ্টিগুলো দোকানে সরবরাহের জন্য রেডি ছিল।”

এছাড়া আগের তৈরি দই অগ্রিম তারিখ লাগিয়ে মার্কেটে সরবরাহ করার জন্য প্রস্তুতি নিচ্ছিল বলে তিনি জানান।

এই ম্যাজিস্ট্রেট আরও বলেন, অপরিষ্কার অপরিচ্ছন্নভাবে শ্রমিকের ঘাম মিশে তৈরি হচ্ছিল লাচ্ছা সেমাই। সয়াসস ও টমেটো সস তৈরিতে পচা  পুদিনা ও ধনিয়াপাতা ব্যবহার করা হচ্ছিল, যা থেকে খুবই দুর্গন্ধ বের হচ্ছিল। তাদের ল্যাবে ২০১৩ সালের ক্যামিকেলও পাওয়া গেছে।

তিনি বলেন, নিরাপদ খাদ্য আইনে প্রতিষ্ঠানটিকে ১২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া সাত দিনের মধ্যে সমস্যা সমাধান করবে বলে জানিয়েছে কারখানা কর্তৃপক্ষ। তাই তাদের সাত দিনের সময় দেওয়া হয়েছে।

অভিযানে র‌্যাব-৪ এর এএসপি আলী মোহাম্মদ আব্দুল্লাহসহ র‌্যাবের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।