রংপুরে সিটি বাস সার্ভিস চালু
রংপুর নগরীতে সিটি বাস সার্ভিস চালু হয়েছে।
সোমবার দুপুর সাড়ে ১২টায় নগরীর সিও বাজারে আনুষ্ঠানিকভাবে বিআরটিসির দুটি ডাবল ডেকার বাস চলাচল উদ্বোধন করেন রংপুর সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তাফা।
বিআরটিসি রংপুর ডিপোর ম্যানেজার মেহেদী হাসান জানিয়েছেন, একটি বাস পাগলাপীর থেকে পীরগঞ্জ উপজেলা যাবে।
এই বাসে হাজির হাট, সিও বাজার, মেডিকেল মোড়, শাপলা চত্বর, লালবাগ, কারমাইকেল কলেজ, পার্কের মোড়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, মডার্ন মোড় ও পায়রাবন্দের যাত্রীরা যাতায়াত করতে পারবেন বলে তিনি জানান।
“অপর বাসটি পাগলাপীর থেকে কাউনিয়া তিস্তাব্রিজ পর্যন্ত চলাচল করবে।”
তিনি আরও জানান, এই বাসে হাজীরহাট, সিও বাজার, মেডিকেল মোড়, কাচারী বাজার, পায়রা চত্বর, জাহাজ কোম্পানি মোড়, শাপলা চত্বর, লালবাগ, কারমাইকেল কলেজ, পার্কের মোড়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, তাজহাট ও সাতমাথার যাত্রীরা চলাচল করতে পারবেন।
“প্রতিটি বাসের নিচতলায় ৩২ জন এবং উপরের তলায় ৪৩ জন যাত্রী বসতে পারবেন। এছাড়াও প্রতিবন্ধী ও মুক্তিযোদ্ধাদের জন্য আসন সংরক্ষিত থাকবে।”
উদ্বোধন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে রংপুর মহানগর পুলিশের সহকারী কমিশনার (ট্রাফিক) ফরহাদ ইমরুল কায়েস, টিআই দেলোয়ার হোসেন, বিআরটিসি রংপুর ডিপোর ম্যানেজার মেহেদী হাসান, মোটর শ্রমিক ইউনিয়নের সিও বাজার শাখার সভাপতি আব্দুস সামাদ খান, সেক্রেটারি শমসের আলী প্রমুখ।
