ঝিনাইদহে বিসিকে ঝুটের গুদামে অগ্নিকাণ্ড
ঝিনাইদহের বিসিক শিল্প নগরীতে একটি ঝুটের গুদাম আগুনে পুড়ে গেছে।
ঝিনাইদহ ফায়ার ব্রিগেডের স্টেশন অফিসার দিলিপ কুমার সরকার জানান, শনিবার রাত ৮টার দিকে লাগা এ আগুন তিন ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনা হয়।
তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
তিনি বলেন, “বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।”
গুদামের মালিক আব্দুল জলিল বলেন, রাতে গুদাম বন্ধ করে বাড়ি যাওয়ার পর আগুন লাগার খবর পান তিনি।
আগুনে প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে এ ব্যবসায়ী দাবি করলেও এতে ক্ষয়ক্ষতির পরিমাণ দশ লাখ টাকা বলে ধারণা ফায়ার সার্ভিসের।
