গোপালগঞ্জে ‘চুরির অপবাদ দেওয়ায়’ বৃদ্ধকে হত্যা, আটক ২
গোপালগঞ্জ সদর উপজেলায় ‘চুরির অপবাদ দেওয়ায়’ এক বৃদ্ধকে হত্যা করা হয়েছে; এ ঘটনায় পুলিশ দুইজনকে আটক করেছে।
সদর থানার এসআই সাইফুল ইসলাম জানান, কাঠি ইউনিয়নের ভোজেরগাতি গ্রামে শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে হত্যাকাণ্ডের এ ঘটনা ঘটে।
নিহ বাদল সরদার (৬০) ওই গ্রামের ফক্কু সরদারের ছেলে। তিনি ঢাকায় প্রইভেট কার চালাতেন।
কাঠি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড সদস্য নতুন সরদার বলেন, ১০-১৫ দিন আগে বাদল ঢাকা থেকে গ্রামে আসেন। তিনি গ্রামের মসজিদে দানবক্সের ওপর পাঁচ টাকা রাখেন বলে তার দাবি। ওই টাকা তার প্রতিবেশী ছবর সরদার নিয়ে যান বলে বাদলের অভিযোগ।
“এ নিয়ে শুক্রবার তাদের মধ্যে কথাকাটাকাটি হয়। চোরের অপবাদ দেওয়ায় ছবর গ্রামবাসীর কাছে বিচার চান। পরে ছবর, তার ছেলে হামিম ও শামীম তারাবি নামাজ শুরুর আগে বাদলের বাড়িতে গিয়ে পিটিয়ে ও কুপিয়ে আহত করেন। তাকে হাসপতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষনা করেন।”
খবর পেয়ে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান এসআই সাইফুল ইসলাম।
তিনি বলেন, “তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হত্যাকাণ্ডের এ ঘটনা ঘটেছে। এ ব্যাপারে জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে আটক করা হয়েছে। হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তমাখা ছুরি উদ্ধার করা হয়েছে।”
লাশ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ সদর হাসপতাল মর্গে পাঠানো হয়েছে।
