ধামরাইয়ে কারখানায় দুর্ঘটনায় পোশাক শ্রমিক নিহত
ঢাকার ধামরাইয়ে পোশাক কারখানায় কর্মরত অবস্থায় পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
নিহতের নাম আব্দুল হাই (২৯)। তিনি ধামরাইয়ে শ্রীরামপুরে রেডিসন কেজুয়াল ওয়্যার লিমিটেডে কাজ করতেন।
সিরাজগঞ্জের চৌহালী থানার দপুলিয়া গ্রামের বিরু মোল্লার ছেলে হাই কারখানাটিতে ‘লোডার’ হিসেবে কাজ করতেন।
শুক্রবার রাতে কারখানার তিন তলা ভবন থেকে পড়ে হাইয়ের মৃত্যু হয় বলে ধামরাই থানার এসআই ফরহাদ হোসেন ছোটন জানিয়েছেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তিন তলা থেকে বিশেষভাবে রোল কাপড় নিচে ট্রাকে নামানোর পর হাই সিঁড়ি ব্যবহার না করে রোল কাপড়ের মতো বেয়ে নেমে আসার চেষ্টা করেন। এসময় কাপড় ছিঁড়ে নিচে পড়ে যান তিনি।”
হাইকে ধামরাইয়ের স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
লাশ ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গে পাঠিয়েছে ধামরাই থানা পুলিশ।
