সেই বাগানের সব লিচু সাবাড় করল ছাত্রলীগ
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দুই ছাত্রলীগ নেতা লিচু পাড়তে গিয়ে ইজারাদারের মার খাওয়ার এক দিন পর সেই বাগানের সব লিচু পেড়ে নিলেন সংগঠনটির একদল নেতা-কর্মী।
বৃহস্পতিবার ওই লিচু পাড়ার সময় সংবাদ সংগ্রহ করতে গেলে ছাত্রলীগের নেতা-কর্মীরা দুর্ব্যবহার করেন বলেও অভিযোগ করেছেন দুজন সাংবাদিক।
বৃহস্পতিবার বিকালে ক্যাম্পাসের রোকেয়া হলের পেছনের ওই লিচু বাগানে অন্তত ২০-৩০ ছা্ত্রলীগ নেতাকর্মী গিয়ে লিচু পেড়ে বস্তায় ভরে নিয়ে আসেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
বিষয়টি নিয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আজকে লিচু পাড়ার কোনো খবর আমি সেভাবে পাইনি। তবে শুনেছি আরকি।”
মঙ্গলবার রাতে ওই বাগানে লিচু পাড়তে গিয়ে ছাত্রলীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান কানন এবং উপ-আন্তর্জাতিক সম্পাদক মেহেদী হাসানসহ কয়েকজন মার খেয়েছিলেন পাহারাদারদের কাছে।
বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে দুই বছরের জন্য লিচু বাগান ইজারা নেওয়া স্থানীয় বাসিন্দা ছানা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আজ বিকেলে ছাত্রলীগ ওই দিনের প্রতিশোধ নিতে লিচু পেড়ে সাবাড় করে ফেলেছে। আমাদের নামে মামলা দেওয়ায় আমরা লিচু বাগানে ঢুকতে পারিনি।
“এভাবে বাগান সাবাড় করার ব্যাপারে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের শরণাপন্ন হব এবং প্রয়োজনে আইনের আশ্রয় নেব। কারণ আমরা প্রশাসনের কাছ থেকে নিয়ম মেনে বাগানটা লিজ নিয়েছি।”
ছানা জানান, দুই বছরের জন্য বিশ্ববিদ্যালয়ের কৃষি প্রকল্প থেকে এক লাখ ৫২ হাজার টাকায় ওই বাগানটি ইজারা নেন তিনি। বাগান পাহারা দেওয়ার জন্য দুজন প্রহরীও রেখেছেন।
মঙ্গলবার রাতে ছাত্রলীগ নেতা কাকনসহ কয়েকজন প্রহরীকে বেঁধে লিচু পাড়লে খবর পেয়ে গিয়ে ধাওয়া দিয়েছিলেন জানিয়ে ছানা বলেন, “কয়েকজনকে ধরে চর থাপ্পড় মারি।”
তবে ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনু বলেন, কাকনকে মেরে হাত ভেঙে দেওয়া হয়েছে। মেহেদীর মাথা ও পায়ে গুরুতর জখম হয়েছে। তারা এখন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
তবে ছানা বলেন, “আমাদের ধাওয়া খেয়ে তাদের একজনের হয়ত গাছ থেকে পড়ে হাত ভেঙে গেছে।”
এদিকে বৃহস্পতিবার বিকালে লিচু পাড়ার খবর পেয়ে গিয়ে ছাত্রলীগ নেতাদের হাতে নিগ্রহের শিকার হওয়ার অভিযোগ করেছেন ক্যাম্পাসে কর্মরত সাংবাদিক শাহীন আলম।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা গিয়ে দেখি ছাত্রলীগের ২০-৩০ জন রামদাসহ অন্যান্য অস্ত্র নিয়ে লিচু পাড়ছে, আর বস্তাভর্তি করছে। আমরা তাদের একজনের নাম জিজ্ঞাসা করলে আমাদেরকে বলে, ‘নাম দিয়ে কী করবি? লিচু খাইলে খা, নইলে চলে যা’।
গণমাধ্যমকর্মীদের সঙ্গে দুর্ব্যবহারের বিষয়ে জানতে চাইলে ছাত্রলীগ নেতা কিবরিয়া বলেন, “এ বিষয়ে আমি কিছু জানি না।”
