গাজীপুরে ট্রাকচাপায় ২ শ্রমিক নিহত
গাজীপুরে এজি অ্যাগ্রো নামে একটি কারখানায় ট্রাক রাখার সময় চাপা পড়ে দুই শ্রমিক নিহত হয়েছেন।
এ ঘটনায় ট্রাকচালকের সহকারীকে আটক করা হয়েছে বলে শ্রীপুর থানার ওসি জাবেদুল ইসলাম জানিয়েছেন।
নিহতরা হলেন ময়মনসিংহের গৌরীপুর উপজেলার চকফলাদিয়া গ্রামের আব্দুল হাইয়ের ছেলে মজিবুর রহমান (৩২) ও টাঙ্গাইলের সখিপুর উপজেলার কালমেঘা এলাকার আনোয়ার হোসেন (৩২)।
তারা গাজীপুরের শ্রীপুর উপজেলায় মাওনা ইউনিয়নের চকপাড়া গ্রামের ওই কারখানায় শ্রমিকের কাজ করতেন।
কারখানাটিতে পশু-পাখির খাদ্য উৎপাদন করা হয়।
কারখানার মানবসম্পদ বিভাগের ব্যবস্থাপক আরিফুর রহমান বলেন, সোমবার রাতে শ্রমিকরা কারখানা প্রাঙ্গণে ট্রাক লোড-আনলোডের কাজ করছিলেন।
“মজিবুর ও আনোয়ার ট্রাকের পেছনে দাঁড়িয়ে বিশ্রাম নেওয়ার সময় ট্রাকচালকের সহকারী রাসেল (২২) ট্রাকটি সাইড করার চেষ্টা করলে তারা চাপা পড়ে আহত হন। তাদের শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।”
ঘটনার পর ট্রাকচালক রুবেল (৩০) পালিয়ে গেলেও রাসেলকে আটক করে পুলিশে দেয় কারখানার লোকজন।
রুবেল চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার গোবিন্দপুর গ্রামের বজলুর রহমানের ছেলে। রাসেল একই গ্রামের আব্দুল মজিদের ছেলে।
ওসি জাবেদুল বলেন, এ ঘটনায় রুবেল ও রাসেলকে আসামি করে থানায় মামলা করেছেন নিহত এক শ্রমিকের ভাই। ঘটনার পরপরই চালক রুবেল পালিয়ে যাওয়ায় তাকে আটক করা যায়নি। তবে তার সহকারী রাসেলকে আটক করা হয়েছে। ট্রাকটিও আটক করে থানায় রাখা হয়েছে।
নিহতদের স্বজনদের আবেদনে লাশ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।
