২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রীপুরে বাস ও বাইক দুর্ঘটনায় নিহত ২

গাজীপুরের শ্রীপুর উপজেলায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন ও বাস চাপায় একজন নিহত হয়েছেন।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 May 2019, 12:32 PM

Updated : 08 Apr 2022, 04:09 PM

উপজেলার মাওনা-গফরগাঁও মহাসড়ক ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের এমসি বাজারে সোমবার সকালে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানায়।   

নিহতরা হলেন- গাজীপুরের কালীগঞ্জ উপজেলার আজিম ভুঁইয়া (৩২) ও একই উপজেলার বরমী ইউনিয়নের বরনল লামাপাড়া গ্রামের আবুল হোসেনের ছেলে মফিজুল ইসলাম (১৯)।

মাওনা হাইওয়ে থানার এসআই সুজন কুমার বলেন, “সকাল ৭টায় মাওনা-গফরগাঁও মহাসড়ক পার হওয়ার সময় একটি বাস আজিমকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।”

তিনি বলেন, খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে স্বজনদের আবেদনে ময়নাতদন্ত ছাড়াই তা হস্তান্তর করা হয়। এ ঘটনায় বাসটি আটক করা গেলেও চালক পালিয়ে গেছে।

অপরদিকে মাওনা-গফরগাঁও মহাসড়কে দুইটি মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন বলে শ্রীপুর থানার এসআই আব্দুল মালেক জানান।

তিনি বলেন “এ সময় সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মফিজুল নিহত হয়।”

পরে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ গিয়ে তার লাশ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করে বলে জানান তিনি।