২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘ধর্ষণচেষ্টার’ ঘটনা ইউনিয়ন পরিষদে মীমাংসা

রাজশাহীতে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে আটক এক যুবককে কানটানা সাজা দিয়ে ছেড়ে দিয়েছেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 May 2019, 09:25 PM

Updated : 08 Apr 2022, 04:08 PM

বাগমারা উপজেলার যোগিপাড়া ইউনিয়নের বারুইহাটি গ্রামে শুক্রবার এ ঘটনা ঘটে।

‘হাতেনাতে আটক’ তৌহিদ আলীকে (২৫) নামমাত্র সালিশের পর ছেড়ে দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে এলাকাবাসী।

তৌহিদ আলী একই গ্রামের এহিয়া আলীর ছেলে। এহিয়া কুদাপাড়া মাদ্রাসার শিক্ষক। বিবাহিত তৌহিদ সম্প্রতি তার স্ত্রীর সঙ্গে বিবাহবিচ্ছেদ করেছে।

শিশুটির স্বজনরা অভিযোগ করেছেন, স্থানীয় স্কুলের ষষ্ঠ শ্রেণির ওই ছাত্রী (১২) শুক্রবার সকালে প্রতিবেশী এক ছোটভাইকে নিয়ে মাঠে ঘাস কাটতে যায়।

বেলা ১১টার দিকে তৌহিদ শিশুটিকে জোরপূর্বক ভুট্টা ক্ষেতে নিয়ে ধর্ষণের চেষ্টা করে বলে মেয়েটির এক প্রতিবেশী চাচা অভিযোগ করেন।

তিনি আরও বলেন, এ সময় ওই দুই শিশুর চিৎকারে আশপাশের লোকজন এসে তৌহিদকে হাতেনাতে ধরে ফেলে। পরে তাকে মারপিট করে আটকে রাখে গ্রামবাসী।

“বিকালে স্থানীয় ইউপি চেয়ারম্যান গ্রাম পুলিশ পাঠিয়ে তৌহিদকে ইউনিয়ন পরিষদে নিয়ে যান। সেখানে সালিশ বৈঠক বসিয়ে কান ধরে ক্ষমা চাওয়ার পর তৌহিদকে ছেড়ে দেওয়া হয়।”

নাম প্রকাশ না করার শর্তে ইউনিয়ন পরিষদের এক সদস্য বলেন, মোটা অংকের অর্থ লেনদেনের পর ওই যুবকে ইউনিয়ন পরিষদের নিয়ে যাওয়া হয়। সেখানে নামমাত্র সালিশ বৈঠক বসানোর পর তাকে ক্ষমা চাইতে বলা হয়।

“ধর্ষণের চেষ্টাকারি তৌহিদ কান ধরে ক্ষমা চাওয়ার পর তাকে ছেড়ে দেওয়া হয়েছে। এ নিয়ে এলাকার লোকজনের মধ্যে ক্ষোভ জমা হয়েছে।”

আপস-মীমাংসার জন্য অর্থ লেনদেনের বিষয়টি অস্বীকার করে যোগিপাড়া ইউপি চেয়ারম্যান মোস্তফা কামাল বলেন, “বিষয়টি জানার পর গ্রাম পুলিশ পাঠিয়ে ওই ছেলেকে ইউনিয়ন পরিষদে নিয়ে আসা হয়। প্রথমে মেয়ের পিতাকে মামলা করার জন্য বলা হয়েছিল। কিন্তু মেয়ের কথা ভেবে সে রাজি হননি। সে কারণে সালিশ বৈঠক বসিয়ে আপোস-মিমাংসা করে দেওয়া হয়েছে।”

ছেলেটি শুধু মেয়েটির গায়ে হাত দিয়েছে, ধর্ষণের চেষ্টা করেনি দাবি করে মোস্তফা কামাল আরও বলেন, “সালিশ বৈঠকের আগে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানার ওসির অনুমতি নেওয়া হয়েছিল। তাদের অনুমতিক্রমে ৪০ থেকে ৫০ জন লোকের উপস্থিতিতে সালিশ বৈঠক করে মীমাংসা করা হয়। সালিশ শেষে তৌহিদ কান ধরে সকলের কাছে ক্ষমা চায় এবং আর কোনদিন এ ধরনের ঘটনা ঘটাবে না বলে প্রতিশ্রুতি দেয়। এ নিয়ে তার কাছে লিখিতও নেওয়া হয়েছে।

বাগমারা থানার ওসি আতাউর রহমান বলেন, “মাঠের মধ্যে এক মেয়ের গায়ে এক ছেলে হাত দিয়েছে বলে স্থানীয় ইউপি চেয়ারম্যানের কাছে শুনেছি। তবে এ নিয়ে থানায় কেউ অভিযোগ দেয়নি।”

অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।