২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিদ্ধিরগঞ্জে ট্রাকচাপায় নিহত ২

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ট্রাকচাপায় রিকশা আরোহী ব্যবসায়ীসহ দুইজন নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 May 2019, 09:18 PM

Updated : 18 Aug 2022, 05:14 PM

তারা হলেন- জেলার সোনারগাঁ উপজেলার মঞ্জুরখোলা গ্রামের মোহাম্মদ আলীর ছেলে মুরগি বিক্রেতা নূর হোসেন (৫০) ও নেত্রকোণা জেলার মোহনগঞ্জ উপজেলার সাতগ্রামের মাজাহারুলের ছেলে রিকশাচালক আকাশ (১৭)।

তারা সিদ্ধিরগঞ্জে আটি ওয়াপদা এলাকায় বাস করতেন।

সিদ্ধিরগঞ্জ থানার এসআই বাদশা আলম জানান, বৃস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে সিদ্ধিরগঞ্জের ওয়াপদা কলোনি এলাকা থেকে রিকশায় করে নূর হোসেন ও তার ছেলে শিমরাইল এলাকায় যাচ্ছিলেন।

“রিকশাটি নারায়ণগঞ্জ-আদমজী-ডেমরা সড়কে শিমরাইলের বিদ্যুৎ অফিসের সামনে পৌঁছালে একটি ট্রাক পেছন থেকে তাদের চাপা দেয়। এতে রিকশাটি চূর্ণ-বিচূর্ণ হয়ে ঘটনাস্থলেই তারা নিহত হয়।”

এছাড়া এ ঘটনায় নূর হোসেনের ছেলে আহত হয়েছেন বলে জানান এসআই বাদশা।

তিনি বলেন, ঘটনার পর চালক ও তার সহকারী পালিয়ে গেছেন। তবে ট্রাকটি আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে।

এদিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্বাচল উপশহরের লেক থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

রূপগঞ্জ থানার ভোলাব তদন্তকেন্দ্রের এসআই সফিকুল ইসলাম জানান, শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে উপশহরের ২১ নম্বর সেক্টরের রঘুরামপুর এলাকা থেকে আনুমানিক ২৬ বছর বয়সী ওই যুবকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

সকাল সাড়ে ৮টার দিকে এলাকাবাসীর কাছে খবর পেয়ে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে বলে তিনি জানান।