জনতার মুখোমুখি গাজীপুরের মেয়র
বিভিন্ন প্রশ্নের সরাসরি উত্তর দিতে গাজীপুর সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলম জনতার সামনে উপস্থিত হয়েছেন।
মঙ্গলবার মহানগরের ধীরাশ্রম এলাকায় জিকে আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে ‘জনতার মুখেমুখি’ অনুষ্ঠানে তিনি নাগরিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
এ সময় মেয়র জাহাঙ্গীর নগরীতে আটটি খাল খনন করে এলাকার জলাবদ্ধতা নিরসন এবং উন্নত ড্রেনেজ ব্যবস্থাপনার মাধ্যমে এলাকার পয়ঃনিষ্কাশনের ব্যবস্থা করার প্রতিশ্রুতি দেন।
এছাড়া যাতায়তের সুবিধার্থে খালের পাশে ওয়াকওয়ে নির্মাণ ও আটটি খাল খনন করা হচ্ছে এবং সিটি এলাকায় রাস্তা নির্মাণ, প্রশস্থকরণ ও বৃক্ষরোপন করা হবে বলেও তিনি জানান।
শিক্ষার্থীকে যদি কেউ উত্ত্যক্ত করে তবে ওই উত্ত্যক্তকারীসহ তাদের অভিভাবকদের জবাবদিহি করতে হবে। তাদের বিচারের আওয়াতায় আনা হবে। সকল শিক্ষার্থী যাতে নিরাপদে শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়াত করতে পারে তার ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি।
বেকারদের কর্মসংস্থানের বিষয়ে মেয়র বলেন, যারা গাজীপুর সিটির নাগরিক/ভোটার এবং যারা বেকার রয়েছে পর্যায়ক্রমে তাদের শতভাগ কর্মসংস্থান করা হবে।
এলাকার কারখানার বর্জ্যে যাতে জলাশয় ও নদী দূষণ না হয় তার জন্য কারখানায় ইটিপি স্থাপনে কর্তৃপক্ষকে সতর্ক করে দেওয়া হয়েছে। না মানলে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।
এলাকায় বর্জ্য অপসারণে সুইপার নিয়োগের প্রশ্নের উত্তরে মেয়র বলেন, সিটিতে এক/দেড়শ পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মী রয়েছে, যা অপ্রতুল। তাই নাগরিকদেরও এ কাজে সহযোগিতা করতে হবে।
“১২শ কোটি টাকার বর্জ ব্যস্থাপনার প্রকল্প বাস্তবায়নের জন্য সরকারের কাছে সাহায্য চেয়েছি। গাজীপুর মহানগরীর রাস্তার পাশে ও খোলা জায়গায় গাছ লাগিয়ে সবুজায়ন করা হবে।”
গাজীপুর সিটি করপোরেশনের মহাসড়কে যানজট রোধে সম্প্রতি অটোরিকশা চলাচল বন্ধ করা হয়েছে উল্লেখ করে মেয়র বলেন, মানুষের দুর্ভোগ লাঘবে মহাসড়কে এসিবাস ও বিকল্প ছোট গাড়ি রাস্তায় নামানো হবে। আগামী রমজানেই এর কার্যক্রম শুরু করা হবে। এছাড়া মহানগরের চারপাশে বাইপাস সড়ক নির্মাণের পরিকল্পনা রয়েছে।
