২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ১০ টাকায় রাইড শেয়ারিং সেবা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ১০ টাকায় রাইড শেয়ারিং সেবা চালু করেছেন মাসুদ পারভেজ নামে এক শিক্ষার্থী।

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2019, 12:43 PM

Updated : 10 Oct 2022, 09:06 PM

সম্প্রতি পরীক্ষামূলকভাবে এসএমএস ও ফোনকলের মাধ্যমে একটি স্কুটি নিয়ে এই সার্ভিস শুরু করেন তিনি।

বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের বিএ (সম্মান) শেষ বর্ষের শিক্ষার্থী মাসুদ বলেন, “একটি স্কুটি দিয়ে শুরু করলেও আরও একটি মোটরসাইকেল রয়েছে। এছাড়া চালক হিসেবে আছি আমিসহ বিশ্ববিদ্যালয়েরই আরও দুই শিক্ষার্থী।”

আগামী জুন নাগাদ অ্যাপের মাধ্যমে ক্যাম্পাসে আনুষ্ঠানিকভাবে রাইড শেয়ারিং সেবা চালু করতে চান মাসুদ। তিনি অ্যাপটির নাম দিয়েছেন ‘ঘুড়ি’।

শুধু বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসেই নয়, ধীরে ধীরে তার রাইড শেয়ারিং সেবা পুরো রাজশাহী শহরে ছড়িয়ে দেওয়ার স্বপ্ন দেখেন এই তরুণ।

মাসুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমার আসলে ছোটবেলা থেকেই ইচ্ছে ছিল নিজে কিছু করব। কখনও কারও আন্ডারে চাকরি করব না। আমার আপু এই স্কুটিটি দেওয়ার পর হুট করেই আমার মনে হল আমি রাইড শেয়ারিং সেবা শুরু করতে পারি।

“আমার লক্ষ্যে পৌঁছানোটা এই দিক দিয়েই সম্ভব। আর সেই চিন্তাভাবনা থেকেই আমি রাইড শেয়ারিং সেবা চালু করি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। যেখানে আমি এর উদ্যোক্তা থাকব এবং আরও অনেকেই এতে কাজ করতে পারবে।”

 

পরিবার শুরুতে মেনে নেয়নি জানিয়ে মাসুদ বলেন, “আর কাছের বেশ কিছু বন্ধু অনেক কটূ কথাও বলেছে। বন্ধুরা বলেছে, এটা অনেক নিচুমানের কাজ। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হয়ে এসব কেন করবে তুমি? এ রকম অনেক কথাই শুনেছি আমি।

“বোঝানোর পর পরিবারের সবাই মেনে নিয়েছে। কিন্তু আমি বন্ধুদের সঙ্গে ওইভাবে তর্কে যাইনি। কিংবা তাদের বোঝানোর চেষ্টাও করিনি। তবে অনেক বন্ধুই আমাকে বুঝেছে। তারা আমাকে পজেটিভ রিভিউ দিচ্ছে। প্রথম দিকেও দিয়েছে, এখনও দিচ্ছে। তারা বলছে, কাজটি অনেক ভালো, তুমি এটা চালিয়ে যাও।” 

প্রথম দিন ৩ এপ্রিল ২৩ জন যাত্রী পান জানিয়ে তিনি বলেন, “ইদানীং গড়ে ৩০-৩৫ হয়। সার্ভিস চালুর কয়েক দিনের মধ্যেই ফেইসবুকসহ বিভিন্ন মাধ্যমে ইতিবাচক সাড়া পেয়েছি। এর পরই অ্যাপ বানানোর সিদ্ধান্ত নিই।

“আমাদের সার্ভিসটি হচ্ছে, ক্যাম্পাসের যেকোনো জায়গা থেকে যেকোনো জায়গায় যেতে ১০ টাকা। এখন আপাতত এসএমএস ও ফোনকলের মাধ্যমে সেবাটি দিচ্ছি। জুন মাস নাগাদ ‘ঘুড়ি’ অ্যাপ আসলে শিক্ষার্থীরা এর মাধ্যমে আমাদের সেবাটা নিতে পারবে। অ্যাপ আসলেও মূল্য ১০ টাকাই থাকবে।”

কয়েকজন নারীচালকও ক্যাম্পাসের নির্দিষ্ট কিছু পয়েন্টে থাকবেন বলে তিনি জানান।

মাসুদ বলেন, “সাধারণত পুরুষের পাশে বসতে অনেক নারীই হেজিটেশন ফিল করেন। তাই নারী শিক্ষার্থীদের জন্য নারী চালক রাখার চিন্তা করছি।”