রাজশাহীতে ট্রেনের নিচে অজ্ঞাতপরিচয় নারীর মৃত্যু
রাজশাহী শহরের কাদিরগঞ্জ গ্রেটার রোড এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক নারীর মৃত্যু হয়েছে।
রাজশাহী জিআরপি থানার ওসি সাঈদ ইকবাল জানান, শনিবার ভোর সাড়ে ৫টার দিকে কাদিরগঞ্জ গ্রেটার রোড মসজিদের বিপরীতে কদমতলা রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নারীর বয়স আনুমানিক ৫৫ বছর বলে জানালেও পুলিশ তার পরিচয় বলতে পারেনি।
ওসি ইকবাল বলেন, রাজশাহী রেলস্টেশন থেকে চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশে ছেড়ে আসা মেইল ট্রেনটি কদমতলা রেলক্রসিং অতিক্রম করার সময় ওই নারী তার নিচে পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
স্থানীয় অনেকে তাকে এ এলাকায় প্রায় দেখতেন বলে জানালেও কেউ তার পরিচয় শনাক্ত করতে পারেনি। এ ব্যাপারে একটি অপমৃত্যুর মামলা হবে বলে জানান ওসি ইকবাল।
