বগুড়ায় ৭ মামলার আসামি স্বর্গের গুলিবিদ্ধ লাশ উদ্ধার
বগুড়ার পুলিশ রাফিদ আনাম স্বর্গ নামে ২২ বছর বয়সী এক তরুণের গুলিবিদ্ধ লাশ উদ্ধারের খবর দিয়েছে, যার বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি, অস্ত্র আইনের সাতটি মামলা রয়েছে থানায়।
অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) সনাতন চক্রবর্তী বলছেন, বৃহস্পতিবার রাত দেড়টার দিকে বগুড়া শহরের উপশহর-ধরমপুর সংযোগকারী ধুন্দাল ব্রিজের দক্ষিণ পশ্চিম পাশে সুবিল খালপাড়ে ‘দুই দল সন্ত্রাসীর গোলাগুলিতে’ স্বর্গ নিহত হয়।
নিহত স্বর্গ বগুড়া শহরের ঠনঠনিয়া শহীদ নগর এলাকার লিয়াকতের ছেলে। ২০০৪ সালে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত হন লিয়াকত।
সদর থানার ওসি এসএম বদিউজ্জামান বলেন, পুলিশের করা শীর্ষ সন্ত্রাসীর তালিকায় স্বর্গের বাবা লিয়াকতের নাম ছিল এক সময়।
আর সাত মামলার আসামি স্বর্গ সাম্প্রতিক সময়ে শাজাহানপুরের জামাদারপুকুর ও শহরের খান্দার মালগ্রাম এলাকায় ‘ত্রাসের রাজত্ব কায়েম করেছিলেন’ বলে অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তীর ভাষ্য।
ঘটনার বিবরণে ওসি বদিউজ্জামান বলেন, বৃহস্পতিবার গভীর রাতে ধুন্দল ব্রিজ এলাকায় গোলাগুলির খবর পেয়ে পুলিশের একটি দল সেখানে যায়।
প্রতীকী ছবি
উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পরে স্থানীয়রা নিহত ওই তরুণকে ঠনঠনিয়া শহীদ নগর (খান্দার) এলাকার ‘স্বর্গ’ হিসেবে শনাক্ত করে বলে জানান ওসি।
ঘটনাস্থল থেকে পুলিশ একটি পিস্তল, একটি ম্যাগাজিন, এক রাউন্ড গুলি এবং একটি বার্মিজ চাকু উদ্ধার করেছে বলেও জানিয়েছেন তিনি।
পুলিশ কর্মকর্তারা বলছেন, স্বর্গ কিশোর বয়সেই বগুড়া শহরে ‘দুর্ধর্ষ সন্ত্রাসী’ হিসেবে কুখ্যাতি পায়। বয়স ১৭ বছর পার হওয়ার আগেই দুটি হত্যা মামলার আসামি হয়ে যায় সে।
এক পর্যায়ে পুলিশের হাতে গ্রেপ্তার হয়ে কারাগারে গেলেও মাস তিনেক আগে জামিনে বেরিয়ে এসে আবারও ওই তরুণ ‘বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে’ জড়িয়ে পড়ে বলে অতিরিক্ত পুলিশ সুপারের ভাষ্য।
