২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সোনাগাজীতে প্রবাসীর স্ত্রীকে ‘দলবেঁধে ধর্ষণ’, যুবক গ্রেপ্তার

ফেনীর সোনাগাজী উপজেলায় এক কাতার প্রবাসীর স্ত্রী দুই সন্তানের জননীকে দলবেঁধে ধর্ষণের অভিযোগ উঠেছে; পরে পুলিশ এক যুবককে গ্রেপ্তার করেছে।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Apr 2019, 10:49 PM

Updated : 18 Aug 2022, 05:09 PM

মঙ্গলবার গভীর রাতে চরদরবেশ ইউনিয়নের আদর্শ গ্রামে এই ঘটনা ঘটে বলে মামলায় উল্লেখ করা হয়।

গ্রেপ্তার নুর আলম (৩৫) একই গ্রামের আবদুল হালিমের ছেলে। 

পুলিশ, এলাকাবাসী, ওই গৃহবধু জানান, রাত ১টার দিকে শৌচাগারে যেতে ঘর থেকে বের হলে গ্রামের আবদুল হালিমের ছেলে নুর আলম, জামাল উদ্দিন মিন্টুর ছেলে মো. আপেল এবং আবদুল হালিমের ছেলে মোশারফ হোসেন তার মুখ চেপে ধরে বসতঘরের অদূরে রাস্তার পাশে নিয়ে ধর্ষণ করে।

সোনাগাজী মডেল থানার পরিদর্শক (তদন্ত) কামাল হোসেন জানান, গৃহবধূকে অচেতন অবস্থায় রেখে দুর্বৃত্তরা চলে যায়। পরিবারের লোকজনের চিৎকারে রাত ৩টার দিকে এলাকাবাসী মুখ ও হাত বাঁধা অবস্থায় গৃহবধূকে উদ্ধার করে।

“গৃহবধূর ভাষ্যমতে গ্রামবাসীর সহযোগিতায় পুলিশ ধর্ষক নুর আলমকে গ্রেপ্তার করেছে।” 

এ ঘটনায় গৃহবধূ বাদী হয়ে সোনাগাজী মডেল থানায় মামলা দায়ের করেছেন বলেও তিনি জানান।