রংপুরে ধর্ষণ মামলায় কৃষি কর্মকর্তার যাবজ্জীবন
অসুস্থ মায়ের সেবার কথা বলে বাসায় ডেকে স্কুলছাত্রীকে ধর্ষণের মামলায় প্রায় ১৪ বছর পর এক কৃষি কর্মকর্তাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে রংপুরের একটি আদালত।
মঙ্গলবার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক রোকনুজ্জামান এই রায় দেন।
রায়ে ওই কর্মকর্তার এক লাখ টাকা জরিমানাও করা হয়।
দণ্ডিত জাকিরুল ইসলাম মিলন রংপুরের বদরগঞ্জ উপজেলার রামনাথপুর ইউনিয়নের পাঠানপাড়া গ্রামের আনছার আলীর ছেলে। তিনি নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা পদে চাকরি করছেন।
মামলার নথি থেকে জানা যায়, ২০০৫ সালের ৪ জুলাই মিলন জ্বরে আক্রান্ত তার অসুস্থ মায়ের মাথায় পানি দেওয়ার জন্য প্রতিবেশীর স্কুল পড়ুয়া মেয়েকে কৌশলে বাড়িতে ডেকে নিয়ে হাত-বেঁধে ধর্ষণ করেন।
ঘটনার নয় দিন পর মিলনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এ মামলা দায়ের করে মেয়েটির পরিবার।
রাষ্ট্রপক্ষের আইনজীবী ও নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর স্পেশাল পাবলিক প্রসিকিউটর (পিপি) জাহাঙ্গীর হোসেন তুহিন বলেন, ঘটনার সময় আসামি মিলন কৃষি ডিপ্লোমা নিয়ে পড়াশোনা করতেন। পরবর্তীতে সরকারি চাকরিতে যোগ দেন।
আদালত রায়ে আসামিকে করা এক লাখ টাকা জরিমানা আদায় করে নির্যাতিতা ওই ছাত্রীকে দেওয়া নির্দেশ দেয় বলে পিপি তুহিন জানান।
