জাবিতে খেলতে এসে মারধরের শিকার ইবি শিক্ষার্থী
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে খেলতে এসে দর্শকদের মারধরের শিকার হয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের হ্যান্ডবল খেলোয়াড়রা।
বুধবার বিকালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে এ ঘটনা ঘটে।
বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্পিয়নশিপ হ্যান্ডবল সেমিফাইনাল খেলা চলাকালে এ ঘটনায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষকসহ ১২ খেলোয়ার আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, খেলার দ্বিতীয়ার্ধের ১১ মিনিটের সময় ইবির খেলোয়াড় আশিক জাবির খেলোয়াড় অন্তরকে আঘাত করলে রেফারি ফাউল সিদ্ধান্ত দিয়ে ইবির খেলোয়াড়কে দুই মিনিটের জন্য মাঠ থেকে বহিষ্কার করেন।
এ সময় জাবির উত্তেজিত দর্শকরা খেলার মাঠে ঢুকে ইবির খেলোয়াড়দের মারধর শুরু করে।
এতে ইবির খেলোয়াড় রাব্বি, ইমন, সিকদার, আশিক, শিমুল, দিপন, তামিম, শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক মোহাম্মাদ সোহেল ও কর্মকর্তা শাহ আলম কচি আহত হন।
মারধরকারীদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
পরে জাবির হ্যান্ডবল টিমের খেলোয়াড় ও খেলা পরিচালনা কমিটির সদস্যরা উত্তেজিত দর্শকদের সরিয়ে দেন এবং আহতদেরকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠান।
ইসলামী বিশ্ববিদ্যালয়ের খেলোয়াড় ইতিহাস বিভাগের শিক্ষার্থী সাকির সামির ইমন বলেন, “আমাদেরকে চার স্তরের নিরাপত্তা দেওয়ার কথা বলে এখানে আনা হয়েছে। অথচ এখানে পুলিশ বা অন্য কিছুই ছিল না। শিক্ষার্থীরা ঝাঁপিয়ে পরে আমাদের পিটিয়েছে; অথচ তাদের কেউ নিবৃত করতে পারেনি।”
এ বিষয়ে জাবির প্রক্টর আ স ম ফিরোজ-উল-হাসান বলেন, “এমন অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আমরা লজ্জিত। আমরা আহতদের সুচিকিৎসা ব্যবস্থা ও চিকিৎসা ব্যয় বহন করব।”
এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করে দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।
