২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

গোপালগঞ্জে শিক্ষকের বিরুদ্ধে পরীক্ষার ফরম পূরণ না করার অভিযোগ

গোপালগঞ্জে অতিরিক্ত টাকা নিয়েও এইচএসসি পরীক্ষার ফরম পূরণ করে না দেওয়ার অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Apr 2019, 02:01 PM

Updated : 08 Apr 2022, 04:02 PM

জেলার মুকসুদপুর উপজেলার বাসুড়িয়া গ্রামের গোবিন্দ বালা এই অভিযোগ করেছেন।

তবে ওই শিক্ষক অভিযোগ অস্বীকার করেছেন।

গোবিন্দ বালা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তার মেয়ে মেয়ে নূপুর কাশিয়ানী উপজেলার রাজপাট ডিগ্রি কলেজের ছাত্রী। এ বছর এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়ার জন্য নির্বাচনী পরীক্ষা দুই বিষয়ে অকৃতকার্য হয়।

“কলেজের সাচিবিক বিদ্যা বিভাগের শিক্ষক মানিক মজুমদার আমার কাছে সাত হাজার টাকা চেয়েছিলেন ফরম পূরণ করে দেওয়ার জন্য। আমি তাকে পাঁচ হাজার টাকা দিই। আরও এক হাজার টাকা প্রবেশপত্র নেওয়ার সময় দিতে হবে বলে কথা ছিল। পরীক্ষার তিন দিন আগে আমার মেয়ে প্রবেশপত্র আনতে গেলে মানিক মজুমদার দুই দিন পর আমাকে যেতে বলেন। কিন্তু পরীক্ষার দিন সোমবার মানিক ফোন করে বলেন, ফরম পূরণ হয়নি।”

পরীক্ষার সব প্রস্তুতি সম্পন্ন করেও পরীক্ষা দিতে না পেরে তার মেয়ে মানসিকভাবে ভেঙে পড়েছে বলে তিনি অভিযোগ করেন।

গোবিন্দ বালা কাঁদতে কাঁদতে বলেন, “অভাবের সংসার। কৃষিকাজ করে সংসার চালাই। অনেক কষ্ট করে মেয়েটাকে লেখাপড়া করাচ্ছি। কিন্তু কলেজ মানিকের অবহেলার কারণে আমার মেয়েটা পরীক্ষা দিতে পারল না। আমি এর বিচার চাই।”

পরীক্ষার্থী নূপুর বলেন, “আমি পরীক্ষা অংশ নেওয়ার জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করেছি। কিন্তু মানিক স্যারের অবহেলার কারণে পরীক্ষা দিতে পারলাম না। আমার জীবন থেকে একটি বছর নষ্ট হয়ে গেল।”

তবে মানিক এ অভিযোগ অস্বীকার করেছেন।

তিনি বলেন, “আমি ওই ছাত্রীর ফরম পূরণের ব্যাপারে কিছু জানি না। নূপুর নামে কাউকে চিনি না। আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিয়েছে।”

এ বিষয়ে কাশিয়ানীর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এএসএম মাঈন উদ্দিন বলেন, “ঘটনাটি অনাকাঙ্ক্ষিত এবং অত্যন্ত দুঃখজনক। তবে এখন পর্যন্ত কেউ কোনো অভিযোগ দেয়নি। লিখিত অভিযোগ পেলে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।”