২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেরপুরে চটপটি বিক্রেতা খুন, একজন আটক

শেরপুর শহরের নতুন বাস টার্মিনাল এলাকায় ধারালো অস্ত্রের আঘাতে এক চটপটি বিক্রেতা খুন হয়েছেন।

শেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2019, 11:09 PM

Updated : 08 Apr 2022, 04:02 PM

শুক্রবার রাত ৮টার দিকে হত্যাকাণ্ডের এ ঘটনায় পুলিশ একজনকে আটক করেছে বলে সদর থানার ওসি নজরুল ইসলাম জানিয়েছেন।

তবে পুলিশ তাৎক্ষণিকভাবে এ হত্যাকাণ্ডের কারণ বলতে পারেনি।

নিহত শাহ আলম (৫০) শহরের চাপাতলি এলাকার অহেজ উদ্দিনের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভ্রাম্যমাণ চটপটি বিক্রেতা শাহ আলম প্রতিদিনের মত শুক্রবার সন্ধ্যার পরে ওই এলাকায় চটপঠি বিক্রি করছিলেন। রাত সোয়া ৮টার দিকে চটপটির জন্য মরিচ কিনতে যান মীরগঞ্জ কাচাবাজার।

এ সময় সাইফুল ইসলাম ওরফে সাইদুলসহ (৩০) কয়েকজন গিয়ে পেছন থেকে মাছ কাটার দা দিয়ে শাহ আলমকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে। স্থানীয়রা তাকে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ সময় বাজারের লোকজন সাইদুলকে আটক করে পুলিশে দেয়।

ওসি নজরুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শুক্রবার রাতে বাস টার্মিনাল সংলগ্ন মীরগঞ্জ কাঁচাবাজার এলাকায় শাহ আলম খুন হন।

“পুলিশ গিয়ে ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে সাইদুলকে আটক করে। তবে এই খুনের প্রকৃত কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।”

পুলিশ ঘটনা তদন্ত করছে বলে তিনি জানান। লাশ ময়নাতদন্তের জন্য শেরপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।