রোহিঙ্গা শরণার্থী শিবিরে আধিপত্য বিস্তারের বিরোধে গুলিতে নিহত ১
কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা শরণার্থী শিবিরে আধিপত্য বিস্তারের বিরোধের জেরে প্রতিপক্ষের গুলিতে এক ব্যক্তি নিহত হয়েছেন।
টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাশ জানান, বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া রোহিঙ্গা শরণার্থী শিবিরে হত্যাকাণ্ডের এ ঘটনা ঘটে।
নিহত মোহাম্মদ হাসিম (৪২) ওই শিবিরের এইচ ব্লকের ৬৮২ নম্বর শেডের পীর মোহাম্মদের ছেলে।
প্রতীকী ছবি
ওসি প্রদীপ বলেন, “টেকনাফে রোহিঙ্গা শরণার্থী শিবিরিকেন্দ্রিক কয়েকটি ডাকাতদল রয়েছে। তাদের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধ চলছে। মাঝেমধ্যেই তাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
“এর জেরে বেলা সাড়ে ১২টার দিকে হাসিমকে লক্ষ করে ১০-১২ জনের একটি দল এসে অতর্কিতে গুলি করে। তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।”
হাসিমের নামে ডাকাতির অভিযোগে একাধিক মামলা রয়েছে বলে তিনি জানান। লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
