খুলনায় পাটকল শ্রমিকদের অবরোধের মধ্যে সংঘর্ষ, ৪ পুলিশ আহত
মজুরি কমিশনের সুপারিশ বাস্তবায়ন না করায় খুলনা-যশোর অঞ্চলের নয়টি রাষ্ট্রয়াত্ত পাটকলের শ্রমিকদের ধর্মঘট-অবরোধের তৃতীয় দিনে আন্দোলনকারীরা পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে।
বাহাত্তর ঘণ্টার এ কর্মসূচির শেষ দিন বৃহস্পতিবারও ভোর ৬টা থেকে এসব পাটকলে কর্মবিরতি চলছে।
দৌলতপুর থানার ওসি কাজী মোশতাক আহমেদ বলেন, বিক্ষোভের মধ্যে নতুন রাস্তা মোড়ের পুলিশ বক্সে এক শ্রমিককে আটকে রাখার গুজব ছড়িয়ে পড়লে আন্দোলনকারীরা সেখানে ঢিল ছোড়ে এবং ভাংচুর চালায়।
এ সময় ট্রাফিক পরিদর্শক আবুল বাশার, পুলিশ কনস্টেবল রাতুল, মনির ও রায়হান আহত হলে তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় বলে জানান ওসি।
খুলনা রেলওয়ের স্টেশন মাস্টার মানিক চন্দ্র সরকার বলেন, বেনাপোলগামী কমিউিটার, ঢাকাগামী চিত্রা এক্সপ্রেস, রাজশাহীগামী মহানন্দা এক্সপ্রেস ও সৈয়দপুরগামী রূপসা এক্সপ্রেস সকাল থেকে ছেড়ে যেতে পারেনি।
মজুরি কমিশনের সুপারিশ বাস্তবায়নসহ নয় দফা দাতিতে পাটকল শ্রমিক লীগ সিবিএ ননসিবিএ পরিষদের ডাকে তিন দিনের এ কর্মসূচি পালন করছে শ্রমিকরা।
সরকার ঘোষিত জাতীয় মজুরি ও উৎপাদনশীলতা কমিশন-২০১৫ এর সুপারিশ বাস্তবায়ন, অবসরপ্রাপ্ত শ্রমিক কর্মচারীদের প্রভিডেন্ড ফান্ড-গ্র্যাচুইটি ও মৃত শ্রমিকের বীমার বকেয়া প্রদান, বরখাস্ত শ্রমিকদের কাজে পুনর্বহাল, শ্রমিক-কর্মচারীদের নিয়োগ ও স্থায়ী করা, পাট মৌসুমে পাট কেনার বরাদ্দ বাড়ানো, উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে মিলগুলোকে পর্যায়ক্রমে ‘বিএমআরই’ করার দাবি রয়েছে এই নয় দফার মধ্যে।
খুলনার রাষ্ট্রয়াত্ত ক্রিসেন্ট, প্লাটিনাম, খালিশপুর, দৌলতপুর, স্টার, আলিম, ইস্টার্ন জুট মিল এবং যশোরের কার্পেটিং ও জেজেআই জুট মিলে বর্তমানে ১৩ হাজার ২৭১ জন শ্রমিক কর্মরত রয়েছে।
