সাভারে অটোরিকশা চালককে ছুরিকাঘাতে হত্যা
ঢাকার সাভারে এক অটোরিকশা চালককে ছুরিকাঘাতে হত্যা করেছে অজ্ঞাত হামলাকারীরা।
বুধবার ভোরে সাভারের মুশরিখোলা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মতিউর রহমান (২৭) কুড়িগ্রামের নাগেরশ্বরী উপজেলার ডায়নারপাড়া গ্রামের আব্দুল মজিদ মিয়ার ছেলে। তিনি সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের নন্দখালী এলাকার আব্দুর রহমানের বাড়িতে ভাড়া থেকে অটোরিকশা চালাতেন।
স্থানীয়দের বরাত দিয়ে ভাকুর্তা পুলিশ ফাঁড়ির ইনচার্য এসআই তারিকুল ইসলাম জানান, ভোরে ওই কয়েকজন যুবক মুশরীখোলা যাওয়ার জন্য তার অটোরিকশাটি ভাড়া করে।
“মুশরীখোলা রাস্তায় পৌঁছলে দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাতে হত্যা করে।”
এসআই তারিকুল বলেন, স্থানীয়দের কাছে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
তার অটোরিকশাটি লাশের পাশেরই ছিল। এমনকি তার পকেটে থাকা টাকাও খোয়া যায়নি। এ ঘটনায় সাভার মডেল থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
