২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহী-কলকাতা সরাসরি যোগাযোগে ‘আগ্রহী’ ভারত

রাজশাহীর সঙ্গে কলকাতার সরাসরি যোগাযোগ স্থাপনে ভারতের আগ্রহের কথা জানিয়েছেন রাজশাহীতে নিযুক্ত ভারতের সহকারী হাইকমিশনার সঞ্জীব কুমার ভাটি।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Mar 2019, 07:00 PM

Updated : 10 Oct 2022, 09:01 PM

রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে তিনি ভারতের এই আগ্রহের কথা জানান।

বৃহস্পতিবার রাজশাহী নগরভবনে মেয়রের দপ্তরে তার সঙ্গে এই সাক্ষাতের সময় সঞ্জীব কুমার সাংবাদিকদের বলেন, “রাজশাহী-কলকাতা সরাসরি বিমান যোগাযোগ ব্যবস্থা চালু করা সম্ভব হলে কম সময়ের মধ্যে যাওয়া-আসা করা যাবে।

“বিমান, রেল ও নৌপথে সরাসরি রাজশাহী-কলকাতা যোগাযোগ স্থাপনের ব্যাপারে আলাপ-আলোচনা হচ্ছে। আশা করছি এটি আমরা করতে পারব।”

ভিসা প্রক্রিয়া সহজ ও সীমান্তে বিড়ম্বনা এড়াতে পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, কেবল অসম্পূর্ণ আবেদন ও ভুয়া ডকুমেন্টের কারণে অনেক আবেদন বাতিল হয়।

“যদি ভিসার আবেদন সঠিক ও পরিপূর্ণ হয় তাহলে আট দিনের মধ্যেই ভিসা দেওয়া হবে। মেডিকেল ভিসা বিশেষ গুরুত্ব দিয়ে যত দ্রুত সম্ভব দেওয়া হবে।”

কাউন্সিলর শাহাদত আলী শাহু, শহিদুল ইসলাম, তৌহিদুল হক সুমন, আব্দুল মোমিন, রবিউল ইসলাম, আয়েশা খাতুন, মাজেদা বেগম, উম্মে সালমা, নাদিরা বেগম, সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শাওগাতুল আলম, সচিব রেজাউল করিম, প্রধান প্রকৌশলী আশরাফুল হক, প্রধান রাজস্ব কর্মকতা শাহানা আখতার জাহান, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা এএফএম আঞ্জুমান আরা, নির্বাহী ম্যাজিস্ট্রেট সমর কুমার পাল, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মো. মামুন এ সময় ছিলেন।