মাদক ছাড়ুন, নইলে পুলিশ খুঁজে বের করবে: স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল মাদক ব্যবসায়ীদের ওই কাজ ছেড়ে দেন আত্মসমর্পণ করার আহ্বান জানিয়েছেন।
রোববার গাইবান্ধার ফুলছড়িতে আত্মসমর্পণ অনুষ্ঠানে মাদক ব্যবসায়ীদের উদ্দেশে বলেন, “আপনারা মাদক ব্যবসা ছেড়ে দেন, আত্মসমর্পণ করেন, নাহলে পুলিশ বাহিনী আপনাকে খুঁজে বের করবে।”
“মাদক না ছাড়লে পরিণতি কী ভয়াবহ হবে, তা আল্লাহ মাবুদই জানেন। দেশকে বাঁচানোর জন্য, মেধা ও নতুন প্রজন্মকে বাঁচানোর জন্য এবং মাদক নিয়ন্ত্রণে সরকার জিরো টলারেন্স ঘোষণা করেছে। যারা আত্মসমর্পণ করবে, সরকার থেকে তাদের আইনি সহায়তা দেওয়া হবে।”
দুপুরে মন্ত্রী ফুলছড়ি উপজেলার গজারিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ফলক উম্মোচন করেন। এরপর নাপিতেরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে এক সমাবেশে উপজেলার ৭৪ জন মাদক ব্যবসায়ী ও সেবনকারী আত্মসমর্পণ করেন।
“একটানা তিন বছর ইয়াবা সেবন করলে মেধা আর থাকবে না। তাই মাদক নিয়ন্ত্রণ করতে হবে। মাদক থেকে যুবশক্তিকে বাঁচাতে না পারলে আমাদের স্বপ্ন স্বপ্নই থেকে যাবে। ইসলামেও মাদকের বিরুদ্ধে কথা বলা আছে।”
দেশে কারাগারগুলোর ধারণক্ষমতা ৩৫ হাজার; কিন্তু বর্তমানে কারাগারগুলোতে ৯০ হাজারেরও বেশি আসামি রয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, “এরমধ্যে অর্ধেকই মাদক মামলার আসামি। আমরা মাদক আইন সংশোধন করেছি, মাদক আইনের সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করেছি। সেগুলো আপনারা দেখেছেন। মাদকের সরবরাহ বন্ধ করতে আমরা বিজিবি ও কোস্ট গার্ডকে শক্তিশালী করেছি।”
পুলিশ বিভাগকে সংগঠিত করা হয়েছে এবং পুলিশ সন্ত্রাস ও জঙ্গিবাদসহ সব চ্যালেঞ্জ মোকাবেলা করছে বলে উল্লেখ করেন কামাল।
আত্মসমর্পণকারী মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
বিকালে স্বরাষ্ট্রমন্ত্রী গাইবান্ধা পুলিশ লাইনস মাঠে জেলা পুলিশ আয়োজিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে যোগ দেন এবং পুরস্কার বিতরণ করেন।
সম্প্রতি থানার কার্যক্রম কালিরবাজারে স্থানান্তরের জন্য সেখানে একটি তিনতলা ভবন নির্মাণ করা হয়। স্বরাষ্ট্রমন্ত্রী নবনির্মিত ভবন উদ্বোধন করার পর ফুলছড়ি থানার কার্যক্রম কালিরবাজারে চালু হয়।
ফুলছড়ি থানা ভবনের প্রশাসনিক কার্যালয়ের উদ্বোধন শেষে নাপিতেরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে সুধী সমাবেশে সভাপতিত্ব করেন গাইবান্ধার পুলিশ সুপার আবদুল মান্নান মিয়া।
অন্যদের মধ্যে বক্তব্য দেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া, গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সংসদ সদস্য শামীম হায়দার পাটোয়ারী প্রমুখ।
