২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সম্রাটে নয়, সুপ্রভাতে নেওয়ার প্রস্তুতি: দাবি সম্রাট মালিকের

‘সুপ্রভাত’ বাসের নাম বদলে ‘সম্রাটে’ যাওয়ার অভিযোগ সম্রাট ট্রান্সলাইনের মালিকপক্ষ অস্বীকার করেছে।

আবুল হোসেন

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Mar 2019, 11:15 PM

Updated : 08 Apr 2022, 03:58 PM

সম্রাটের পরিচালক মাসুদ করিম বলেন, সুপ্রভাত থেকে সম্রাটে নয়, বরং সম্রাটের বাতিল হওয়া বাস নাম বদলে সুপ্রভাত করার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যুর পর ছাত্র বিক্ষোভের মুখে বুধবার ‘সুপ্রভাত স্পেশাল সার্ভিস’ চলাচল বন্ধ করে দেয় সরকার।

এরপর সন্ধ্যায় সুপ্রভাতের কয়েকটি বাসে রং লাগিয়ে ‘সম্রাট ট্রান্সলাইন (প্রাইভেট) লিমিটেড’ করার প্রস্তুতি নেওয়ার খবর আসে গণমাধ্যমে।

সম্রাট ট্রান্সলাইন (প্রাইভেট) লিমিটেড-এর পরিচালক মাসুদ করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গাজীপুর মহানগরে টঙ্গীর গাজীপুরার এক মালিকের দুইটি বাস কাপাসিয়ার মো. আব্দুল্লাহ নামের এক ব্যক্তি ৬-৭ মাস আগে সম্রাট পরিবহনে নিয়ে যান।

“তখন এ বাস দুইটির ফিটনেসের কাগজপত্রের মেয়াদ প্রায় দুই মাস ছিল। বার বার সময় দেওয়ার পরও কাগজপত্র নবায়ন না করায় প্রায় মাসখানেক আগে ওই বাস দুইটি ‘সম্রাট’ থেকে বের করে দেওয়া হয়।”

মাসুদ বলেন, বাস দুইটির মালিক ‘সুপ্রভাত’ সার্ভিসে চালানোর জন্য সম্প্রতি গাজীপুরা একটি মোটর ওয়ার্কশপে গাড়ি দুইটির মেরামত ও রং পাল্টানোর কাজ করছিল।

“এ সময় ওই বাস দুইটির সামনের কাচে সম্রাট পরিবহনের আগের ব্যবহৃত স্টিকার লাগানো ছিল এবং বাসের গায়ে সুপ্রভাত লেখা হচ্ছিল।”

মাসুদ বলেন, এ কাজ চলাকালে গত মঙ্গলবার ঢাকায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী সুপ্রভাত সার্ভিসের বাসের চাপায় নিহত হলে কর্তৃপক্ষ সুপ্রভাত বাস চলাচল নিষিদ্ধ করে।

“এমতাবস্থায় পত্রিকার লোকজন ওই বাস দুইটি সুপ্রভাত থেকে সম্রাটে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে বলে খবর প্রচার করে।”   

বৃহস্পতিবার দুপুরে গাজীপুর মহানগরীর গাজীপুরা এলাকায় গিয়ে দেখা গেছে, সুপ্রভাত স্পেশাল সার্ভিসের প্রায় শতাধিক বাস ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে, বিভিন্ন পেট্রোলপাম্প এবং খোলা মাঠে পার্কিং করে রাখ হয়েছে। বাসের পাহারায় রয়েছেন কয়েকজন চালক ও হেলপার। তবে বাসের মালিকপক্ষের কাউকে পাওয়া যায়নি।

সুপ্রভাত বাসের চালক আবুল হাসেম সাংবাদিকদের বলেন, তিনি এক বছর ধরে এ সুপ্রভাত বাস চালিয়ে আসছেন। রাস্তায় কোনো সমস্যা হয়নি।

“কিছু অদক্ষ চালকের খামখেয়ালির জন্য আমাদের নিজেদের রুটিরুজি হুমকিতে পড়েছে। এছাড়া কিছু মালিকের দুই একটি বাস আছে যারা এর উপরই নির্ভর করে সংসার চালান; তারাও পড়েছেন বিপাকে।”

আয় রোজগার না থাকায় চালক ও হেলপাররা অলস সময় কাটাচ্ছেন। অনেকে বিকল্প চেষ্টা করছেন বলেও তিনি জানান।

বুধবার দুপুরে গাজীপুর সিটি কর্পোরেশনের গাজীপুরায় ‘সুপ্রভাত স্পেশাল সার্ভিসের’ বাসকে রং বদলিয়ে সম্রাট ট্রান্সলাইন (প্রাইভেট) লিমিটেড করা হচ্ছিল বলে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়।

এরপর রং করা ওই বাসগুলো সেখান থেকে অজ্ঞাত স্থানে সরিয়ে নেওয়া হয়। রাতে গাজীপুর মহানগর ট্রাফিক পুলিশ ঘটনাস্থলে গিয়ে রং বদলানো কোনো বাস পায়নি।  

গাজীপুর মহানগর পুলিশের ট্রাফিক বিভাগের (দক্ষিণ) সহকারী কমিশনার নজরুল ইসলাম বলেন, বুধবার রাতে ও বৃহস্পতিবার দুপুর পর্যন্ত রং বদলানো কোনো বাস পাওয়া যায়নি। পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে সুপ্রভাত সার্ভিসের কোনো বাস গাজীপুরে প্রবেশ ও চলাচল করতে পারবে না।

গত মঙ্গলবার সুপ্রভাত সার্ভিসের বাস চাপায় বাংলাদেশ ইউনির্ভাসিটি অব প্রফেশনালস (বিইউপি)-এর ছাত্র আবরার আহমেদ চৌধুরী প্রাণ হারান।

এ নিয়ে মঙ্গলবার ও বুধবার ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে শিক্ষার্থীরা বিক্ষোভ, অবরোধ শুরু করেন।

বুধবার বিকালে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলামের সঙ্গে বৈঠকের পর আন্দোলন এক সপ্তাহ স্থগিতের ঘোষণা দেন বিইউপির শিক্ষার্থীরা।

এরপরই বিআরটিএ সুপ্রভাত জাবালে নূর পরিবহনের সব বাস ও মিনিবাস চলাচল বন্ধ করে দেয়।

গত বছর জুলাইয়ে ঢাকার বিমানবন্দর সড়কে জাবালে নূরের বাসচাপায় দুই কলেজ শিক্ষার্থী নিহত হওয়ার পর ঢাকার রাস্তায় নেমে এসেছিল স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা।

সুপ্রভাত চলাচলের রুট হলো সদরঘাট থেকে গাজীপুরা এবং সম্রাট পরিবহন ঢাকার মহাখালী থেকে উত্তরা, গাজীপুরের কাপাসিয়া হয়ে নরসিংদীর চালাকচর পর্যন্ত।