ঘুষ গ্রহণের দায়ে ইবি কর্মকর্তা বরখাস্ত
শিক্ষার্থীর কাছ থেকে ঘুষ নেওয়ার অভিযোগে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের এক কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে প্রশাসন।
বুধবার সন্ধ্যায় জরুরি সভায় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক অফিসের শাখা কর্মকর্তা মোক্তার হোসেনকে বরখাস্তের সিদ্ধান্ত আসে বলে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এসএম আব্দুল লতিফ জানান।
তিনি বলেন, বুধবার দুপুরে ২০১৪-১৫ শিক্ষাবর্ষ (স্নাতক) ফিন্যান্স বিভাগের শিক্ষার্থী নেয়ামুল কবির একাডেমিক ট্রান্সক্রিপ্ট তুলতে গেলে মোক্তার হোসেন তার কাছ থেকে ৫০০ টাকা ঘুষ গ্রহণ করেন। পরে ওই শিক্ষার্থী এ ঘটনায় একটি লিখিত অভিযোগ করেন।
“ঘটনাটি তদন্ত করে অভিযোগের সত্যতা মেলায় বিশ্ববিদ্যালয় প্রশাসন তাকে সাময়িক বরখাস্তসহ কেন চাকরিচ্যুত করা হবে না এ মর্মে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে।”
এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক মেহের আলীকে আহ্বায়ক করে তিন সদস্যের তদন্ত কমিটি করা হয়েছে বলে আব্দুল লতিফ জানান।
কমিটির বাকি সদস্যরা হলেন- ভারপ্রাপ্ত প্রক্টর আনিছুর রহমান ও পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরের সহকারী রেজিস্ট্রার মো. আহসানুল হক।
কমিটিকে আগামী সাত কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
