২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে ভেজাল ওষুধসহ গ্রেপ্তার ৪

গাজীপুরে পুলিশ অভিযান চালিয়ে প্রায় তিন কোটি টাকার ভেজাল ওষুধসহ চারজনকে আটক করেছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2019, 06:13 PM

Updated : 18 Aug 2022, 04:59 PM

গাজীপুর মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার রুহুল আমিন সরকার জানান, মঙ্গলবার রাতে জেলা শহরের হাতিয়াব ত্রলাকায় উইলস মার্কেটিং নামে একটি কারখানায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

আটককৃতরা হলেন নেত্রকোনার সুজন, দীপক রেশা, শেরপুরের রাজিউস ও আবু তালেব।

পুলিশ কর্মকর্তা রুহুল আমিন বুধবার সাংবাদিকদের বলেন, ওই কারখানায় মানহীন ও মোয়াদ-উত্তীর্ণ কেমিক্যাল ব্যবহার করে গরু মোটাতাজা করার ইনজেকশন, এন্টিবায়েটিক, মাছের খাবার, পশুখাদ্যে মিশ্রণের জন্য সাপ্লিমেন্ট ভিটামিন, পোল্ট্রি খামারের জন্য সিনথেটিক নিউট্রিয়েন্ট, নকল ভিটামিন ইত্যাদি প্রক্রিয়াজাত করা হয়।

“তারা এসব নকল পণ্য নিজস্ব বোতলে ‘মেইড ইন কোরিয়া’, ইউএসএ, ভারত প্রভৃতি লেভেল লাগিয়ে বাজারজাত করছিল। গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে প্রায় তিন কোটি টাকার ভেজাল কেমিক্যাল ও ওষুধ উদ্ধার করেছে। এ সময় কারখানার চার শ্রমিক ও কর্মচারীকে আটক করা হয়।”