টঙ্গীতে বাসের ধাক্কায় নারী নিহত
গাজীপুর সিটি করপোরেশনের টঙ্গী এলাকায় বাসের ধাক্কায় এক নারী পোশাকশ্রমিক নিহত হয়েছেন।
টঙ্গী পশ্চিম থানার এসআই মো. তানভীর হোসেন জানান, মঙ্গলবার সকালে টঙ্গীর বাটা শু কারখানার সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সখিনা বেগম (৩১) বগুড়ার দুপচাঁচিয়া থানার তুলুকবাজার এলাকার আব্দুল সাত্তারের মেয়ে। তিনি টঙ্গী এলাকায় ভাড়া বাসায় থেকে পোশাক কারখানায় চাকরি করতেন।
এসআই তানভীর বলেন, সখিনা রাস্তা পার হওয়ার সময় একটি বাস ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
