খুলনায় ‘বন্দুকযুদ্ধে’ মামলার আসামি নিহত
খুলনায় গ্রেপ্তারের পর পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে একজন নিহত হয়েছে; যিনি দশ মামলার আসামি বলে পুলিশের ভাষ্য।
নগরীর কৃষি কলেজের পেছনে বড় মাঠ এলাকায় শুক্রবার গভীর রাতে গোলাগুলির ওই ঘটনা ঘটে বলে দৌলতপুর থানার ওসি কাজী মোস্তাক আহমেদ জানান।
নিহত মিরাজুল ইসলাম মিরাজ ফুলবাড়িগেট জাব্দিপুর এলাকার মুজিবর রহমানের ছেলে।
ওসি বলেন, চুরি, ডাকাতি ও মাদকসহ দশ মামলা আসামি মিরাজকে গ্রেপ্তারের পর তাকে নিয়ে পুলিশ চুরির মালামাল উদ্ধারে যায়।
“এ সময় মিরাজের সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়লে আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা করে। এ পর্যায়ে মিরাজ গুলিবিদ্ধ হয়ে মারা যায়।”
এছাড়া ঘটনাস্থল থেকে দুই রাউন্ড গুলি, দুইটি রামদা, একটি ছুরি, চুরি করা বিভিন্ন মালামাল ও ৫০টি ইয়াবা উদ্ধারের কথা জানিয়েছেন ওসি।
