২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কেরানীগঞ্জে শিশুর কাপড়মোড়া লাশ উদ্ধার

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ উপজেলায় অজ্ঞাত পরিচয় এক মেয়েশিশুর কাপড়মোড়ানো লাশ উদ্ধার করা হয়েছে; যাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

কেরানীগঞ্জ-দোহার-নবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Mar 2019, 11:46 PM

Updated : 18 Aug 2022, 04:57 PM

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি শাহ জামান জানান, বৃহস্পতিবার বেলা ১১টার দিকে দড়িগাঁও আওরাহাঁটি এলাকায় রাস্তার পাশে বিছানার চাদর দিয়ে মোড়ানো লাশটি পাওয়া গেছে।

শার্ট ও হাফ প্যান্ট পরিহিত আনুমানিক ৮/৯ বছর বয়সী মেয়েটির পরিচয় পাওয়া যায়নি বলে জানান ওসি।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি শাহ জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, স্থানীয়রা রাস্তার পাশে লাশটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। লাশ উদ্ধারের পর সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

“নিহতের শরীরের বিভিন্ন অংশে জখমের চিহ্ন পাওয়া গেছে। আঘাতের ধরন দেখে মনে হচ্ছে শিশুটি গৃহকর্মীর কাজ করত। নির্যাতনের পর তাকে হত্যা করা হয়েছে বলে আমরা প্রাথমিকভাবে ধারণা করছি।”

শিশুটির পরিচয় শনাক্ত করতে পারলে হত্যার রহস্য উদঘাটন করা সহজ হবে। সেজন্য পুলিশের চেষ্টা অব্যাহত রয়েছে ও এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে বলে এ পুলিশ কর্মকর্তা জানান।