২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বুড়িমারীতে ভোটের সংঘাতে আওয়ামী লীগের দুই পক্ষ

লালমনিরহাটের পাটগ্রামে উপজেলার বুড়িমারীতে উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে আহত হয়েছেন তিনজন, পুড়েছে আটটি মোটরসাইকেল।

লালমনিরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Mar 2019, 01:04 AM

Updated : 18 Aug 2022, 04:57 PM

মঙ্গলবার রাতের এই সংঘর্ষকে কেন্দ্র করে রাত ৮টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক ছিল অবরুদ্ধ।

পরে পুলিশ গিয়ে আওয়ামী লীগের নেতা-কর্মীদের হটিয়ে দিয়ে যান চলাচল স্বাভাবিক করে।

পাটগ্রাম থানার ওসি মো. সাজ্জাত হোসেন রাত ১১টার দিকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে।

পাটগ্রাম উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দুজন নেতা প্রতিদ্বন্দ্বিতা করছেন।

বর্তমান উপজেলা চেয়ারম্যান ও এবারও দলের মনোনয়ন পাওয়া রুহুল আমিন বাবুলের (নৌকা) সঙ্গে লড়াইয়ে রয়েছেন ওয়াজেদুল ইসলাম শাহীন (আনারস)।

প্রত্যক্ষদর্শীরা জানান, বুড়িমারী ইউনিয়ন পরিষদ ভবন এলাকায় সন্ধ্যায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী শাহীনের নির্বাচনী সভা শেষে কর্মী-সমর্থকরা বের হওয়ার সময় বাবুলের সমর্থকরা হামলা চালায়। এসময় আটটি মোটর সাইকেলে আগুন দেওয়া হয়।

হামলায় মোতাহার, তামজিদ ও সুমন নামে তিনজন আহত হয়েছেন বলে দাবি করেছেন শাহীনের অনুসারী বুড়িমারী ইউনিয়ন ছাত্রলীগের সম্পাদক বাদশা মিয়া।

এই খবর ছড়িয়ে পড়লে পাটগ্রাম শহরের প্রবেশদ্বার কলেজ গেইটে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক অবরোধ করে শাহীনের সমর্থকরা। এ সময় তারা টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন।

তখন উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল করিম ও ওসি সাজ্জাত হোসেন ঘটনাস্থলে গিয়ে আলোচনা চালিয়ে তাদের শান্ত করেন।

পাটগ্রাম উপজেলার প্রবেশপথ বাউরা বাজারেও অবরোধ করে রাখে আনারসের সমর্থকরা। এতে উভয় পাশে অর্ধসহস্রাধিক পণ্যবাহী ও যাত্রীবাহী যানবাহন আটকা পড়ে।