২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘ভয় দেখিয়ে শিশুকে ধর্ষণ,’ যুবক গ্রেপ্তার

গাজীপুরে পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীকে ‘ভয় দেখিয়ে’ ধর্ষণের অভিযোগে এক গাড়িচালককে ধরে পুলিশে দিয়েছে এলাকাবাসী।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Mar 2019, 06:42 PM

Updated : 18 Aug 2022, 04:56 PM

কালীগঞ্জ থানার ওসি আবুবকর মিয়া বলেন, কালীগঞ্জ পৌর এলাকার মধ্য বালীগাঁও গ্রামে রোববার এ ঘটনা ঘটে।

“সোমবার বিকালে এলঅকাবাসী হাফিজুল ইসলাম (৪২) নামের ওই যুবককে পিটুনি দিয়ে পুলিশে দেয়। ওই রাতেই মেয়েটির বাবা থানায় হাফিজুলের বিরুদ্ধে মামলা করেছেন।”

ওসি জানান, মঙ্গলবার হাফিজুলকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। একইদিন মেয়েটিকে ডাক্তারি পরীক্ষার জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মামলার বরাত দিয়ে ওসি জানান, মেয়েটি স্থানীয় একটি বিদ্যালয়ে পঞ্চম শ্রেণিতে পড়ে। স্কুলে যাওয়া-আসার পথে প্রতিবেশী হাফিজুল তাকে প্রায় সময়ই উত্ত্যক্ত করত।

“গত রোববার বিকালে তাকে ভয়ভীতি দেখিয়ে বাড়ির পাশে একটি জঙ্গলে নিয়ে ধর্ষণ করে। বিষয়টি কাউকে বললে প্রাণে মেরে ফেলার হুমকিও দেয় হাফিজুল।”

ওসি বলেন, পরে মেয়েটি ধর্ষণের বিষয়টি স্বজনদের জানায়। এতে এলাকাবাসী উত্তেজিত হয়ে সোমবার বিকালে তাকে ধরে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে।  

মামলার তদন্ত কর্মকর্তা ওই থানার এসআই সামিউল আলম বলেন, সোমবার রাতে এ ব্যাপারে  ভিকটিমের বাবা বাদী হয়ে থানায় ধর্ষণ মামলা করলে হাফিজুলকে গ্রেপ্তার দেখানো হয়; মঙ্গলবার দুপুরে গাজীপুর আদালতে হাজির করা হলে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়। 

হাফিজুল কালীগঞ্জ পৌর এলাকার মধ্য বালীগাঁও গ্রামের মৃত আলাউদ্দিন চৌকিদারের ছেলে এবং পেশায় গাড়ি (মাহেন্দ্র) চালক।