২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে নির্বাচনী সভায় হামলা, গ্রেপ্তার ১০

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীর সভায় হামলার ঘটনায় পুলিশ দশ জনকে গ্রেপ্তার করেছে।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Mar 2019, 07:35 PM

Updated : 18 Aug 2022, 04:56 PM

রোববার বিকালে ধানগড়া গার্লস হাই স্কুল মাঠে এ হামলা হয়। রাতে রায়গঞ্জ থানায় মামলা হয়।

ওইদিন ঘটনাস্থল থেকে আটক ১০ জনকে সোমবার জেলহাজতে পাঠানো হয়েছে।  

সিরাজগঞ্জ দ্রুত বিচার ট্রাইব্যুনালের কর্মচারী সিরাজুল ইসলাম  জানান, আটক দশ জনকে দুপুরে দ্রুত বিচার ট্রাইব্যুনালের ভারপ্রাপ্ত বিচারক মুখ্য বিচারিক হাকিম নজরুল ইসলামের আদালতে হাজির করা হলে তাদের জেলহাজতে পাঠানোর আদেশ দেওয়া হয়।

মামলার বরাত দিয়ে সিরাজুল ইসলাম জানান, রোববার বিকালে ধানগড়া গার্লস হাই স্কুল মাঠে উপজেলা আওয়ামী লীগের নৌকা প্রতীকের নির্বাচনী সভা চলাকালে হামলা হয়।

দলের বিদ্রোহী চেয়ারম্যান পদপ্রার্থী (আনারস) গোলাম হোসেন শোভন সরকারের লোকজন এ হামলা চালায় বলে মামলায় অভিযোগ করা হয়েছে।

সিরাজুল বলেন, হামলার সময় নৌকা ও আনারস সমর্থকদের সঙ্গে সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়া, একটি মাইক্রোবাস ও কয়েকটি মোটরসাইকেল ভাংচুরের ঘটনা ঘটে।

এতে উভয়পক্ষের অন্তত ১২ নেতাকর্মী আহত হন। পরে পুলিশ বেশ কয়েক রাউন্ড টিয়ার গ্যাস শেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে এবং ঘটনাস্থল থেকে ১০ জনকে আটক করে থানায় নিয়ে যায় বলে সিরাজুল জানান।

তিনি বলেন, গভীর রাতে রায়গঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফ-উল-আলম শরীফ বাদী হয়ে দ্রুত বিচার আইনে মামলা দায়ের করেন।

দ্রুত বিচার আইনের এই মামলায় বিদ্রোহী চেয়ারম্যান পদপ্রার্থী গোলাম হোসেন শোভন সরকারসহ ৬৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত পরিচয় আরও তিনশ জনকে আসামি করা হয়েছে বলে সিরাজুল জানান।

গ্রেপ্তার আসামিরা হলেন রায়গঞ্জ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক গোলাম হাসান সুমন সরকার, হায়দার আলী, রেজাউল করিম, জহুরুল ইসলাম রুবেল, সাব্বির আহম্মেদ, মাসুম, মাসুদ রানা, হাসান আলী, রনি শেখ ও তাইজুল ইসলাম।

আগামী ১০ মার্চ অনুষ্ঠিতব্য এই নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী এই দুইজনই।