২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে ডাকাত সন্দেহে আটক ৬

গাজীপুর শহরে ন্যাশনাল পার্কের সামনে থেকে ডাকাত সন্দেহে ছয়জনকে আটক করেছে র‌্যাব।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Feb 2019, 12:45 PM

Updated : 08 Apr 2022, 03:53 PM

র‌্যাব ১-এর পোড়াবাড়ি ক্যাম্পের ইনচার্জ স্পেশালাইজড কোম্পানি কমান্ডার আব্দুল্লাহ আল মামুন জানান, বুধবার রাতে ওই এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

তারা হলেন জেলার রুদ্রপুর এলাকার মো. রফিকুল ইসলাম (১৮), ভাওরাইদ এলাকার মো. শাহদৎ হোসেন রিয়াজ (১৯), আরিফ ইসলাম শান্ত (২০), মো. সজিব হোসেন (১৯), মো. আলী হোসেন আয়েশ আলী (৩৫) ও রফিকুল ইসলাম (১৮)।

র‌্যাব কর্মকর্তা মামুন বলেন, সংঘবদ্ধ ডাকাতদল অবস্থান করছে এমন খবর পেয়ে পার্কের ৩ নম্বর গেটের অদূরে রাত সাড়ে ১০টার দিকে অভিযান চালানো হয়। দুটি চাপাতি, একটি টি রামদা, এক টি হাঁসুয়া, একটি চাকু ও পাঁচটি মোবাইল ফোনসহ এই ছয়জনকে আটক করা হয়।

“প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছেন তারা দীর্ঘদিন ধরে ন্যাশনাল পার্ক এলাকাসহ জেলার বিভিন্ন স্থানে ডাকাতি ও দলবেঁধে ধর্ষণ করে আসছে। ডাকাতিতে বাধা দেওয়ায় তারা হত্যাও করে।”

তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানান।