বাবাকে হত্যায় ছেলের যাবজ্জীবন
বাবাকে হত্যার দায়ে ছেলেকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে মৌলভীবাজারের একটি আদালত। কারাদণ্ডের পাশাপাশি তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ডও দেওয়া হয়।
বুধবার দায়রা জজ শেখ আবু তাহের এ রায় দেন বলে জানান জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) এ এস এম আজাদুর রহমান।
দণ্ডিত মঙ্গল খাড়িয়া মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার জয়চণ্ডী ইউনিয়নের পাঁচপীর ঝালাই চা বাগানের বুধুয়া খাড়িয়ার ছেলে।
পিপি আজাদুর রহমান জানান, ২০১৩ সালের ৩১ জুলাই কুলাউড়া উপজেলার জয়চণ্ডী ইউনিয়নের পাঁচপীর ঝালাই চা বাগানে পারিবারিক কলহের জের ধরে মঙ্গল খাড়িয়া তার বাবা বুধুয়া খাড়িয়াকে ধারালো দা দিয়ে কুপিয়ে হত্যা করেন।
পিপি বলেন, এ ঘটনায় বুধুয়া খাড়িয়ার ভাই মঙ্গা খাড়িয়া কুলাউড়া থানায় মামলা দায়ের করলে মঙ্গল খাড়িয়াকে পুলিশ আটক করে। পরে মঙ্গল খাড়িয়া আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় হত্যার অভিযোগ স্বীকার করেন।
