২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে গ্রেপ্তারের পর ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় ডাকাতি মামলার এক আসামি পুলিশের হাতে গ্রেপ্তারের পর কথিত বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Feb 2019, 12:41 PM

Updated : 08 Apr 2022, 03:53 PM

কাজীরহাট থানার ওসি আব্দুল মালেক জানান, সোমবার রাত সোয়া ২টার দিকে উপজেলার কাজিরাবাদ দীঘিরপাড় এলাকার একটি ইটভাটায় গোলাগুলির ওই ঘটনা ঘটে।

নিহত মামুন সরদার (২৭) বরিশালের হিজলা উপজেলার ক্ষুন্না এলাকার মালেক সরদারের ছেলে।

মামুনের বিরুদ্ধে ডাকাতি ও সন্ত্রাসী কর্মকাণ্ডসহ একাধিক অভিযোগে মামলা রয়েছে বলে পুলিশের দাবি।

কাজীরহাট থানার ওসি আব্দুল মালেক জানান, গত ৫ ফেব্রুয়ারি স্থানীয় পান্না মীরের বাড়িতে ডাকাতি মামলার আসামি রাসেল হাওলাদারকে একজনকে আটক করা হয়।

মামুনের নেতৃত্বে এই ডাকাতির ঘটনা ঘটে বলে আদালতে স্বীকারোক্তি দেয় রাসেল। ডাকাতির মালামাল মামুনের কাছে রয়েছে বলেও তিনি জানান।

পরে সোমবার রাত ৮টার দিকে মুলাদী উপজেলায় অভিযান চালিয়ে পুলিশ মামুনকে আটক করা হয় বলে জানান ওসি।

তিনি বলেন, রাতে মামুনকে নিয়ে ডাকাতির মালামাল উদ্ধারে মনিরের ইটভাটায় যায় পুলিশ। এ সময় সেখানে ওঁৎ পেতে থাকা মামুনের সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি করলে পুলিশও পাল্টা গুলি করে।

“এ সময় মামুন পালিয়ে যাওয়ার চেষ্টা করলে সহযোগীদের ছোড়া গুলিতে তিনি আহত হন। পরে তাকে উদ্ধার করে মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।”

ঘটনাস্থল থেকে একটি ওয়ান শুটারগান, একটি পাইপগান, পাঁচ রাউন্ড গুলি, তিনটি কার্তুজ, দুটি রামদা, একটি সাবল, ছয়টি মুখোশ ও একটি মোবাইল ফোন উদ্ধারের কথাও জানান ওসি।