২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জয়পুরহাটে র‌্যাবের সঙ্গে ‘গোলাগুলিতে’ আসামি নিহত

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় র‌্যাবের সঙ্গে গোলাগুলিতে এক ডজন মামলার এক আসামি নিহত হয়েছে।   

জয়পুরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2019, 03:22 PM

Updated : 18 Aug 2022, 04:54 PM

উপজেলার তাওশারা এলাকায় রোববার ভোরে এ ঘটনায় নিহত তোফাজ্জল হোসেনকে শীর্ষ মাদক বিক্রেতা বলে দাবি করছে র‌্যাব।

তোফাজ্জল উপজেলার উত্তর মহেশপুর গ্রামের সরকার পাড়া এলাকার ওয়াদুদ সরকারের ছেলে।

র‌্যাব বলছে, তোফাজ্জলের বিরুদ্ধে ক্ষেতলালসহ জেলার বিভিন্ন থানায় মাদক চোরাচালান ও ছিনতাইসহ প্রায় এক ডজন মামলা রয়েছে।

জয়পুরহাট র‌্যাব-৫ ক্যাম্প কমান্ডার সহকারী পুলিশ সুপার আজমল হোসেন বলেন, মাদক কেনাবেচার খবরে ঘটনাস্থলে অভিযান চালায় র‌্যাব। এ সময় মাদক বিক্রেতারা র‌্যাবকে লক্ষ্য করে গুলি করে পাল্টা গুলি করে র‌্যাবও।

“এক পর্যায়ে মাদক বিক্রেতারা পালিয়ে গেলে ঘটনাস্থলে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে দায়িত্বরত চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।”

ঘটস্থল থেকে একটি পিস্তল, গুলি, ম্যাগাজিন ও ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে। এ ছাড়া এ ঘটনায় তাদের দুই সদস্য আহত হয়েছেন বলে র‌্যাবের এ কর্মকর্তা জানান।