২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে ছুরিকাঘাতে কলেজ ছাত্র খুন, যুবক আটক

বরিশালে ছুরিকাঘাতে এক কলেজ ছাত্র খুন হয়েছেন; জখম হয়েছেন তার এক বন্ধু।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Feb 2019, 11:35 PM

Updated : 18 Aug 2022, 04:51 PM

বৃহস্পতিবার রাত পৌনে ৮টার দিকে নগরীর বঙ্গবন্ধু উদ্যানে এ হত্যাকাণ্ড হয়।

নিহত রুবেল হোসেন (২১) বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের শিক্ষার্থী। তিনি উজিরপুর উপজেলার সাতলা ইউনিয়নের গিয়াস উদ্দিনের ছেলে।

আহত মিতুলকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে, ঘটনার পর এলাকাবাসী মেহেদি হাসান রনি নামের এক যুবককে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে। রনি ঝালকাঠির সদরের পাবলিক লাইব্রেরি এলাকার শওকত আলীর ছেলে।

বরিশাল মহানগর পুলিশের কোতোয়ালি মডেল থানার ওসি নূরুল ইসলাম বলেন, আটক মেহেদি হাসান রনির সঙ্গে নগরীর মল্লিক রোড এলাকার একটি মেয়ের দুইবার বিয়ে হয় এবং বিচ্ছেদ হয়ে যায়।

“বিচ্ছেদের পর থেকেই মেয়েটিকে নানাভাবে হয়রানি করে আসছিল রনি।”

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে ওসি বলেন, বৃহস্পতিবার বিকালে মেয়েটি তার ভাই ও ভাইয়ের এক বন্ধু রুবেল ও মিতুলসহ কয়েকজন বঙ্গবন্ধু উদ্যানে ঘুরতে যান।

“রাত পৌনে ৮টার দিকে ছুরি নিয়ে মেয়েটির উপর আকস্মিক হামলা চালায় সাবেক স্বামী রনি।”

এ সময় বাধা দিতে গিয়ে ছুরিকাঘাতে নিহত হন রুবেল। গুরুতর আহত হয়েছেন মিতুল। মিতুলের বাড়ি আগৈলঝাড়া উপজেলার পয়সার হাটে।