সুনামগঞ্জে সেতু ভেঙে ট্রাক খাদে, নিহত ২
সুনামগঞ্জে একটি বেইলি সেতু ভেঙে ট্রাক খাদে পড়ে দুইজন নিহত হয়েছেন। এছাড়া এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন।
অতিরিক্ত জেলা প্রশাসক শফিউল (রাজস্ব) আলম জানান, বিশ্বম্ভরপুর উপজেলার রণবিদ্যা এলাকায় বৃহস্পতিবার বেলা ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় বলতে পারেনি প্রশাসন। হতাহতরা সবাই ট্রাকে ছিলেন।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি ইউনিট গিয়ে উদ্ধারকাজ শুরু করেছে।
অতিরিক্ত জেলা প্রশাসক শফিউল দুর্ঘটনার পরপরই ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
আহতদের সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে তিনি জানান।
এলাকাবাসী জানান, ঢাকা থেকে রডবোঝাই একটি ট্রাক সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বিন্নাকুলি এলাকায় যাচ্ছিল।
রণবিদ্যা এলাকার বেইলি সেতুতে উঠে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর রেলিং ভেঙে খাদে পড়ে। রেলিং ভাঙার সঙ্গে সঙ্গে সেতুটি ভেঙে যায়। ট্রাকে আটকা পড়া পাঁচজনকে স্থানীয়রা উদ্ধার করেন।
