নিপুণ রায় চৌধুরী কারামুক্ত
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য নিপুণ রায় চৌধুরী মুক্তি পেয়েছেন।
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে মঙ্গলবার বিকালে তিনি ছাড়া পান।
কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারের সুপার মো. শাহজাহান জানান, সোমবার রাতে নিপুণ রায় চৌধুরীর জামিনের কাগজপত্র কারাগারে আসে।
“তা যাচাইবাছাই করে তাকে মঙ্গলবার বিকাল সাড়ে ৪টার দিকে মুক্তি দেওয়া হয়।”
গত বছরের ১৫ নভেম্বর বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের পুত্রবধূ এবং সাবেক প্রতিমন্ত্রী নিতাই চন্দ্র রায় চৌধুরীর মেয়ে আইনজীবী নিপুণকে গ্রেপ্তার করা হয়েছিল।
এরপর ২২ নভেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে তাকে এ কারাগারে স্থানান্তর করা হয়।
বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উয়িংয়ের কর্মকর্তা শায়রুল কবীর খান জানান, ২০১৮ সালের ১৪ নভেম্বর ধানের শীষের মনোনয়ন ফরম বিতরণের সময় নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের সামনে পুলিশ ও নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়।
ওই ঘটনায় পল্টন থানায় নিপুণ রায়সহ বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে তিনটি মামলা দায়ের করে পুলিশ। তাতে নিপুণের পাশাপাশি বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ অনেককে আসামি করা হয়।
পরদিন (১৫ নভেম্বর) সন্ধ্যায় ঢাকার নয়াপল্টনের নাইটিংগেল মোড় এলাকা থেকে নিপুণ রায়কে আটক করে ঢাকা মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশ।
সর্বশেষ মামলায় তিনি সোমবার জামিন পান বলে শায়রুল জানান।
১৪ নভেম্বরের সংঘর্ষের সময় নিপুণকে লাঠি হাতে মিছিলে দেখা গিয়েছিল।
